২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোনে টিএন্ডটি ইনকামিং ফ্রি করতে সংসদীয় কমিটির সুপারিশ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সকল মোবাইল ফোনে টিএন্ডটি ইনকামিং ফ্রি করার সুপারিশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

কমিটি টিএন্ডটি ও মোবাইলের কোম্পানির জন্য সমান রাজস্ব ও বেসরকারি ল্যান্ডফোনের আন্তঃসংযোগ দিতে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে।

জাতীয় সংসদ ভবনে সোমবার এক বৈঠকে কমিটি এসব সুপারিশ করে।

বৈঠকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিটি (বিটিআরসি) জানায়, এসব ব্যাপারে একটি প্রস্তাবনা ইতোমধ্যে তৈরি করা হয়েছে, যা বর্তমানে মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।

পরে কমিটির সভাপতি জিএম ফজলুল হক সাংবাদিকদের জানান, মোবাইল ফোনে টিএন্ডটি ইনকামিং চার্জ ফ্রি করার বিষয়টি দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছে।

তিনি জানান, দেশে বর্তমানে ১৮টি বেসরকারি ল্যান্ডফোন কোম্পানি রয়েছে। এদের একটি থেকে অন্যটিতে ফোন সংযোগ দেওয়া যায়না। তারপরও এসব কোম্পানিগুলো মোবাইল ফোনে সংযোগের জন্য বিভিন্ন হারে ইনকামিং চার্জ নিচ্ছে। এ ব্যাপারে মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি আরো জানান, টিএন্ডটি ফোন কোম্পানিগুলো বর্তমানে সরকারকে কলপ্রতি ৩০ পয়সা এবং মোবাইল কোম্পানিগুলো ৭০ পয়সা করে রাজস্ব দেয়। এ অসমতা দূর করতেও মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, আওয়ামী লীগের আব্দুল হাই, বিএনপির আব্দুল মোমিন তালুকদার, আলী কদর, কাজী গোলাম মোর্শেদ এবং জামায়াতের ফরিদউদ্দিন চৌধুরী।