মালিক-- শ্রমিক আলোচনার ভিত্তিতে গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি নির্ধারণ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, মালিক ও শ্রমিকদের স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখে দু পক্ষের আলোচনার ভিত্তিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে।
প্রস্তাবিত ১২৩০ টাকা ন্যূনতম মজুরির বিষয়টি চূড়ান্ত নয় বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিজিএমইএ তাদের অডিট ব্যবস্থা উন্মুক্ত করলে ন্যূনতম মজুরি নির্ধারণ করা সহজ হবে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত আলোচনায় সোমবার তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের জন্য ন্যূনতম লাভের বিষয়টি মাথায় রেখে ন্যূনতম মজুরি স্থির করা উচিত।
তবে দেশের তৈরি পোশাক খাতের চলমান সংকট মোকাবেলায় সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে কৌশলগত সহযোগিতা চেয়েছেন গার্মেন্টস মালিকরা। জরুরি ভিত্তিতে সংকট মোকাবেলা না করলে একটি সমূহ দুর্যোগের সৃষ্টি হবে বলে গার্মেন্টস মালিকরা জানান।
‘তৈরি পোশাক শিল্পে বর্তমান পরিস্থিতি’ শীর্ষক আলোচনাটি বিজিএমইএর নতুন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দেশের তৈরি পোশাক খাতে চার হাজার কারখানা রয়েছে। এসব কারখানা ২০ লাখ লোক কর্মরত রয়েছে। দেশের মোট আয়ের ৭০ ভাগ আসে এ খাত থেকে।
দেশের রুগ্ন শিল্পের সমস্যা দূর করা এবং বন্দর ব্যবস্থাপনা ও সার্টিফিকেট অরিজিন (সিও) ইস্যু করার ব্যাপারে সরকার যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবে বলে মন্ত্রী জানান।
গার্মেন্টস খাতে সম্প্রতি যে অসন্তোষ সৃষ্টি হয়েছে তা অত্যন্ত কম মজুরির কারণেই হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া শ্রমিকদের ঠিক ওপরেই পদাধিকারবলে অবস্থান করেন যেসব কর্মকর্তারা তাদের দুর্ব্যবহারও এসবের জন্য দায়ী বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।
আলোচনায় বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক তার বক্তব্যে গার্মেন্টস খাতের সাম্প্রতিক সংকট মোকাবেলায় সরকারের অন্যান্য সহযোগিতার পাশাপাশি কৌশলগত সহযোগিতার প্রয়োজনীয়তা বিষয়টি তুলে ধরেন।
বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুল হক বলেন, সম্প্রতি হাইকোর্টের আদেশ লঙ্ঘন করে চট্টগ্রাম বন্দর থেকে সারচার্জ বাবদ প্রায় সাত মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া হয়েছে।
আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট হারুন অর রশিদ এবং পরিচালক গোলাম সারোয়ার।
