২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মজীবী নারীর জরিপ প্রতিবেদন পেশ, শ্রমিকদের মজুরি ৩ হাজার টাকা করার দাবি

ঢাকা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মহানগরীর ১০০টি তৈরি পোষাক কারখানার (গার্মেন্টস) ওপর পরিচালিত জরিপ প্রতিবেদন সোমবার বাণিজ্যমন্ত্রী হাফিজউদ্দিন আহমদের কাছে হস্তান্তর করা হয়েছে। নারী শ্রমিক ও পেশাজীবীদের সংগঠন কর্মজীবী নারী প্রতিবেদনটি তৈরি করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সংগঠনের সভাপতি শিরীন আখতার ও নির্বাহী পরিচালক রোকেয়া রফিকের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে তার সাথে সাক্ষাত করে প্রতিবেদনটি হস্তান্তর করেন।

এতে তারা শ্রমিকদের ন্যুনতম মজুরি ৩০০০ টাকা করাসহ সরকার, মালিক পক্ষ ও শ্রমিকদের নিয়ে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

এ ছাড়াও তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আসন্ন জেনেভা সম্মেলনে দেশের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য মন্ত্রীকে বেশ কিছু পরামর্শ দেন।

বৈঠক শেষে শিরীন আখতার সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রতিবেদনের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ত্রিপক্ষীয় চুক্তির বাস্তবায়ন এবং গার্মেন্টস শিল্পের সার্বিক অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করার জন্য মন্ত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রতিবেদনটি পর্যায়ক্রমে শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ ও বিকেএমইএ’র কাছেও হস্তান্তর করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৯৯৪ সালে গার্মেন্টস শিল্পের শ্রমিকদের জন্য ন্যুনতম মজুরি ছিল ৯৩০ টাকা। বর্তমান প্রেক্ষাপটে তা অবশ্যই বাড়াতে হবে। এক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য দাবি ন্যুনতম মজুরি ৩০০০ টাকা করা হোক, এটাই আমরা চাই। প্রকৃত গার্মেন্টস শ্রমিকদের প্রতিনিধির সাথে আলোচনার মাধ্যমে এক্ষেত্রে প্রয়োজনে সরকার ভর্তুকিও দিতে পারে’।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে গার্মেন্টস শিল্পগুলোতে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো অনেক গার্মেন্টস শিল্পে ফাও খাটানো, শ্রমিক নির্যাতন, যৌন হয়রানি ও শৌচাগার সমস্যা রয়েই গেছে’।

এ ছাড়াও কিছু গার্মেন্টস এ এখনো বেতন ও ওভারটাইম নিয়ে জটিলতা রয়েছে।

মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ জানান, তাদের প্রতিবেদনেই অবস্থার উন্নতির কথা বলা হয়েছে। এর ভিত্তিতে অন্যসব ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হবে।

ন্যুনতম মজুরি নিয়ে মালিক পক্ষের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটি শ্রম মন্ত্রণালয়ের বিষয়। আর ন্যুনতম মজুরির বিষয় নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। আমি শ্রম মন্ত্রণালয়কে উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি ন্যুনতম মজুরি নির্ধারণে পরামর্শ দেবো।