২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ‘এক জেলা এক রপ্তানি পণ্য’ প্রকল্পে কাঙ্খিত সাড়া মেলেনি

রপ্তানি উন্নয়ন ব্যুরো তার ‘এক জেলা এক রপ্তানি পণ্য’ প্রকল্পে জেলা প্রশাসকদের কাছ থেকে কাঙ্খিত সারা পায় নি। কোন একটি পণ্য নির্দিষ্ট করার জন্য ইপিবি’র দেওয়া সময় সীমা শনিবার শেষ হয়ে গেলেও মাত্র তিনিটি জেলা থেকে এর সাড়া পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 07:24 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

এগুলো হচ্ছে- পঞ্চগড়, লালমনিরহাট ও কুষ্টিয়া।

প্রচলিত ও অপ্রচলিত কিছু পণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিলো।

পঞ্চগড় জেলা প্রস্তাব দিয়েছে অরগ্যানিক চা উৎপাদনের। এছাড়া কুষ্টিয়া জেলা থেকে প্রস্তাব এসেছে চাল (আতপ ও সিদ্ধ), বিছানার চাদর ও তোয়ালে উৎপাদনের। লালমনিরহাট ইপিবি’র প্রকল্পে ইতিবাচক সাড়া দিলেও কোনও সুনির্দিষ্ট পণ্যের প্রস্তাব দেয় নি।

ইপিবি’র পণ্য উন্নয়ন বিভাগের পরিচালক আবদুর রাজ্জাক মন্ডল আশা প্রকাশ করে বলেন, আমরা ধারনা করছি আগামী এক সপ্তাহের মধ্যে বাকি ৬৩টি জেলা থেকে এ সংক্রান্ত প্রস্তাব পাওয়া যাবে।

তুলনামূলকভাবে উৎপাদন সুবিধা, কাঁচামালের সহজলভ্যতা, কারিগরি জ্ঞান ও বাজার চাহিদার দিকটি বিবেচনায় রেখে ইপিবি জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার জন্যে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনের প্রস্তাব প্রদানের আহবান জানায়।

মন্ডল বলেন, এটি সম্পূর্ণরূপেই ইপিবি’র একটি উদ্যোগ। আমরা এখনো কর্মপরিকল্পনা চূড়ান্ত করিনি, তবে জেলা গুলোতে সম্ভাব্য উপাদানের প্রস্তাব পাঠাতে বলেছি।

‘এক জেলা এক রপ্তানি পণ্য’ কার্যক্রমটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের প্রচলিত রপ্তানি পণ্যগুলোর উচ্চ মান নিশ্চিত করতে হবে এবং অ-প্রচলিত নতুন পণ্য খাতও বৃদ্ধি করতে হবে”।