চট্টগ্রাম ইপিজেডে ৬ লাখ ৬ হাজার ডলার স্থানীয় বিনিয়োগে গার্মেন্টস প্লান্ট স্থাপিত হচ্ছে
সম্পূর্ণ বাংলাদেশী মালিকানাধীন কোম্পানী এমএস প্রেজেন্টেশন অ্যাপারেলস লিমিটেড চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে একটি তৈরি পোশাক শিল্প স্থাপন করতে যাচ্ছে।
স্থানীয় এই কোম্পানিটি ৬ লাখ ৬ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং বছরে ১২ লাখ পিস লেডিস ও জেন্টস সার্ট-প্যান্ট ও পা’জামা তৈরী করবে। এছাড়া প্রেজেন্টেশন অ্যাপারেলসে ৪শ’ ৬৩ জন বাংলাদেশী নাগরিক কাজের সুযোগ পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে ঢাকায় রোববার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং এমএস প্রেজন্টেশন অ্যাপারেলস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষর হয়।
বেপজার সদস্য (বিনিয়োগ উৎসাহিতকরণ) প্রশান্ত ভূষণ বড়–য়া এবং প্রেজেন্টেশন অ্যাপারেলসের ব্যাবস্থাপনা পরিচালক আনিস আহমেদ ভূইয়া নিজ নিজ পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ, সচিব সাইদ আহমেদ, প্রধান হিসাবরক্ষক ও অর্থ কর্মকর্তা একেএম মাহবুবুর রহমান, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উৎসাহিতকরণ) এস মাহমুদ ইউনুস, উপ-মহাব্যবস্থাপক (বিনিয়োগ উৎসাহিতকরণ) এম ফজলুর রহমান ভূইয়া, ব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর এবং ব্যবস্থাপক (বিনিয়োগ উৎসাহিতকরণ) মো. তানভীর হোসাইন।
