২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি বিদেশি বিনিয়োগ: শীর্ষ ১০টি স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নিচের দিকে

সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) পাওয়ার ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে বাংলাদেশ নিুতম অবস্থানে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে স্বল্পোন্নত শীর্ষ দশ দেশের মাথাপিছু গড় বিনিয়োগ ১৫ দশমিক ৪ ডলার হলেও বাংলাদেশের ক্ষেত্রে এর মাথাপিছু গড় প্রবাহ মাত্র ৩ দশমিক ৩ ডলার।

বৃহস্পতিবার ঢাকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয় এফডিআই প্রবাহে স্বল্পোন্নত শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। এদিক থেকে বাংলাদেশ অ্যাঙ্গোলা, ঘানা, সুদান, কঙ্গো, মায়ানমার, ইথিওপিয়া, সাদ ও তানজানিয়ার পরে অবস্থান করছে।

রিপোর্টে বলা হয়, স্বল্পোন্নত এই দেশগুলোতে মোট বিদেশি বিনিয়োগ ১০ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ পায় ৪৬০ দশমিক ৪ মিলিয়ন ডলার। যা এ দেশগুলোতে মোট বিনিয়োগের মাত্র ৪ শতাংশ এবং বিশ্বে মোট বিদেশি বিনিয়োগের মাত্র দশমিক ০৪ শতাংশ।

বাংলাদেশ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দক্ষ মানবসম্পদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং শিক্ষার উন্নয়ন এবং সেই সাথে প্রচুর বিদেশি বিনিয়োগ নিশ্চিত না হলে আগামী ৫০ বছরেও বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসতে পারবে না।

নগরীতে সিপিডি’র কার্যালয়ে বৃহস্পতিবার ‘স্বল্পোন্নত দেশ প্রতিবেদন ২০০৬: উন্নয়নশীলদের উৎপাদন সক্ষমতা’ শীর্ষক আংটাড’র একটি প্রতিবেদনের প্রকাশনা উপলক্ষ্যে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বক্তব্য রাখেন। প্রতিবেদনটি বিশ্বব্যাপী একযোগে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অন্যান্য স্বল্পোন্নত দেশের তুলনায় বাংলাদেশ কৃষি বহির্ভূত খাতে শ্রমিকের অভাব রয়েছে এবং বয়স্ক শিক্ষার হার, মাথাপিছু বিদ্যুৎ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামোর ক্ষেত্রে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ পিছিয়ে রয়েছে।

২০০৪ সালের উপাত্তের ভিত্তিতে স্বল্পোন্নত ৫০ টি দেশের ওপর গবেষণা চালিয়ে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আংটাড) এ প্রতিবেদনে জানায়, অর্থনৈতিক ঝুঁকি সংশ্লিষ্ট শর্ত পূরণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। আয় ও মানবসম্পদ সূচকেও বাংলাদেশ গড়পড়তা সাফল্য দেখিয়েছে।

অন্যান্য স্বল্পোন্নত দেশের চেয়ে ১৫ টি ক্ষেত্রে বাংলাদেশ ভালো করেছে বলে দেবপ্রিয় ভট্টাচার্য জানান। সেগুলো হচ্ছে: মাথাপিছু জিডিপি বৃদ্ধির হার, রপ্তানি, তৈরি খাতে মূল্য সংযোজন, জাতীয় শ্রম উৎপাদনশীলতা, জন্ম ও মৃত্যু হার, গড় আয়ু, জনসংখ্যা বৃদ্ধি হার, প্রাথমিক শিক্ষা হার, সড়ক ও বিমান অবকাঠামো এবং মাথাপিছু জ্বালানি ব্যবহার।

তিনি বলেন, যারা দেশে বিদেশি বিনিয়োগের প্রবাহকে সন্তোষজনক মনে করে তারা এ সম্পর্কে তো বটেই একই সাথে বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কেও অসচেতন। তথাকথিত গণিতবিদরা সবসময়ই বড় বড় অংকের কথা বলে এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালায়।

প্রতিবেদন অনুসারে বাংলাদেশের মাথাপিছু জিডিপি’র প্রবৃদ্ধি ৪০৮ মার্কিন ডলার এবং অন্যান্য স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের তুলনায় এ হার খুব দ্রুত বাড়ছে।