সুশীল সমাজ ও বাম সংগঠনের সমালোচনায় সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার সুশীল সমাজের সদস্য ও ১৪ দলের সাথে থাকা বাম দলগুলোর কঠোর সমালোচনা করে বলেছেন, বিবৃতি দেওয়া ছাড়া তাদের আর কোনও কাজ নেই।
পরিকল্পনা কমিশন কার্যালয়ে মঙ্গলবার বেসিক ব্যাংকের চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাইফুর সাংবাদিকদের বলেন, এয়ার কন্ডিশন্ড কক্ষে বসে মিটিং--সিটিং আর বিনামূল্যে বক্তৃতা করা ছাড়া নাগরিক কমিটির কোনো কাজ নেই।
সাইফুর রহমান কাজের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের অর্থনৈতিক সহায়তা দিতে বাণিজ্যিক ব্যাংকটির প্রতি আহ্বান জানান।
বেসিক ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন ছয় কোটি টাকার নগদ লভ্যাংশ এবং ১৩ দশমিক পাঁচ কোটি টাকার স্টক লভ্যাংশের সার্টিফিকেট অর্থমন্ত্রীর হাতে তুলে দেন।
সাইফুর রহমান ওই অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তাদের সাথে বৈঠক সেরে সাংবাদিকদের সাথে আলাপকালে সুশীল সমাজেরও কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, নাগরিক কমিটি ‘স্ব ঘোষিত’ একটি সংগঠন অন্যদিকে সংসদে ১৪ দলের সুনির্দিষ্ট কোনও অংশগ্রহণ নেই।
অর্থমন্ত্রী মন্তব্য করেন, ড. কামাল হোসেন বি. চৌধুরীর মিটিংয়ে যান তাকে শক্তিশালী করতে অন্যদিকে বি চৌধুরী যান ড. কামালের প্রতি সহানুভূতি দেখাতে।
বিরোধী ১৪ দলে থাকা বাম দলগুলোর গ্রহণযোগ্যতার ব্যাপারে প্রশ্ন তুলে তিনি বলেন, আপনাদের সাথে কয়জন লোক রয়েছে? আপনাদের প্রতিনিধিত্ব করে কে?
সাইফুর রহমান বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে বামদলগুলো মোট ভোটের মাত্র দুই শতাংশ পেয়েছিল।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল পাঁচ শতাংশের কম ভোট পেলে সেটি রাজনৈতিক দল হতে পারে না।
