নীতিমালায় জটিলতার কারণে অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাত বাধাগ্রস্থ হচ্ছে
অর্থনৈতিক সক্ষমতা ও দক্ষতা থাকা সত্ত্বেও নীতিমালায় জটিলতার কারণে স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের বিনিয়োগ নিয়ে দেশের দূর্বল অবকাঠামো উন্নয়নে কার্যকরভাবে এগিয়ে আসছে না।
নগরীর একটি হোটেলে মঙ্গলবার বিনিয়োগ বোর্ড (বিআইও) এবং অবকাঠামো বিনিয়োগ সুবিধা কেন্দ্র (আইআইএফসি)’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘ বেসরকারি খাতের অবকাঠামো নীতিমালা ’ শীর্ষক কর্মশালায় এ মত ব্যক্ত করা হয়।
কর্মশালায় বলা হয়, ২০০৪ সালে প্রণীত ওই নীতিমালা খুবই জটিল এবং আবিলম্বে এর সংশোধন প্রয়োজন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ও জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারর্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসাইন।
সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী কর্মশালা পরিচালনা করেন। সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের ব্যক্তিরা আলোচনায় অংশগ্রহণ করেন।
এরআগে ২০০৪ সালের অক্টোবরে বেসরকারি খাতের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন প্রকল্প উৎসাহিত করতে সরকার ‘বেসরকারি খাতের অবকাঠামো নীতিমালা’ চালু করে। এরপর থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মাত্র ১৮ টি প্রকল্প তালিকাভূক্ত হয়। তারা ওই নীতিমালাকে জটিল বলে উল্লেখ করে অবিলম্বে এর সংশোধন দাবি করেছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ(সিপিএ)’র চেয়ারম্যান শাহদত হোসাইন বলেন, বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রক্রিয়া সহজ করতে এই নীতিমালার সংশোধন প্রয়োজন।
ইউনাইটেড গ্র“পের হোসাইন মোহাম্মদ রাজা বলেন, এখানে অর্থের কোন ঘাটতি নেই, কিন্তু স্থানীয় বেসরকারি খাতের জন্য অবশ্যই পরিস্কার নীতিমালা থাকতে হবে।
মাহমুদুর রহমান তার বক্তব্যে বলেন, উৎপান ও সেবা খাতের প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।
অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সম্পদের সুষম বন্টন করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি খাতের জন্য সরকারের সহায়তামূলক পদক্ষেপ নেওয়া উচিত, যা অবকাঠামোগত উন্নয়ন বয়ে আনবে।
কামাল উদ্দিন সিদ্দিকী বলেন, অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাত, বিশেষ করে এফবিসিসিআই’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
