২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ হাজার টন চিনি আমদানির সিদ্ধান্ত মন্ত্রী পরিষদে অনুমোদন

সরকার সোমবার রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র মাধ্যমে ১৫০ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার টন চিনি আমদানির সিদ্ধান্ত অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

স্থানীয় বাজারে স্বল্প মূল্যে চিনির চাহিদা অনুযায়ী যোগান নিশ্চিত করার লক্ষ্যে টিসিবি ব্রাজিল থেকে দুই কিস্তিতে এ চিনি আমদানি করবে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রী পরিষদের সদস্য বর্গ, মন্ত্রী পরিষদ সচিব ও সংশ্লিষ্ট বিভাগসমূহের সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে দরপত্রের সর্বনিু টন প্রতি ৪২০ ডলার ও ৪১৯ দশমিক ৫০ ডলার দরে এ ক্রয় অনুমোদন করা হয়।

তবে মন্ত্রী পরিষদ পুনঃনিরীক্ষার কথা বলে মেশিনে পঠনযোগ্য পাসপোর্ট, ভিসা ও পরিচয়পত্র তৈরি সংক্রান্ত প্রস্তাব ফেরত পাঠায়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, পাসপোর্ট, ভিসা ও পরিচয়পত্র সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রী পরিষদের বৈঠকে আরো বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি’র মাধ্যমে ২৫ হাজার টন চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছিল।

গত ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের খুচরা বাজারে চিনির দর ৫৪ থেকে ৫৮ টাকায় ওঠানামা করে।

পরে এপ্রিল নাগাদ এর দাম কেজি প্রতি ৬০ টাকায় পৌঁছায়।

২০০৬--০৭ অর্থবছরের বাজেটে সরকার প্রতিটন চিনি আমদানির শুল্ক পাঁচ হাজার টাকায় নির্দিষ্ট করে, যা পূর্ববর্তী আমদানি শুল্কের চেয়ে অনেক কম।