২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লাস্টিকের প্রতি নীতিনির্ধারকদের খামখেয়ালিপনা আছে: বিপিজিএমইএ সভাপতি

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ) সভাপতি জসিমউদ্দিন অভিযোগ করে বলেন, প্লাস্টিকের প্রতি নীতিনির্ধারকদের খামখেয়ালিপনা আছে। প্লাস্টিককে থ্রাস্ট সেক্টর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 01:42 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

তিনি বিডিনিউজকে বলেন, শিল্প ও রপ্তানির সুষম বিকাশের জন্য নীতি নির্ধারণের ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করেন তাদেরকে নিরপেক্ষভাবে সঠিক চিত্র তুলে ধরতে হবে। আমাদের এ শিল্পে প্রায় দেড় লাখ পুরুষ ও মহিলা শ্রমিক সরাসরিভাবে কাজ করে। তাদের সাথে আরো প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্লাস্টিক আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাই বড়ো কথা। আমাদের প্লাস্টিকের গড় ব্যবহার এক কেজিরও কম। অন্যদিকে আমেরিকায় প্লাস্টিক ব্যবহারের হার ১৩৫ কেজি। তারা কিন্তু ঠিকই ব্যাপারটাকে ম্যানেজ করছে, বন্ধ করে নাই। ওখানে পরিবেশ সচেনতাও কম নয়।

জসিমউদ্দিন বলেন, প্লাস্টিক ব্যবহারের বড় সুবিধা এটা রিসাইক্লিং করে ব্যবহার করা যায়। আমাদের প্লাস্টিক বর্জ্য সংরক্ষণের দিকেও নজর দেওয়া জরুরি।

সিটি কর্পোরেশন, মিনিসিপ্যালিটি, পরিবেশবিদ এবং প্লস্টিক পণ্য উৎপাদনকারী মিলে একসাথে কাজ করলে অসুবিধা হওয়ার কথা না বলে তিনি মত দেন। তিনি জানান, এসোসিয়েশনের পক্ষ থেকে তারা প্লাস্টিক বর্জ্য কিনে নিতে আগ্রহী।

তিনি বলেন, রাজধানীর ড্রেনেজ ব্যবস্থা ধংসের জন্য পলিথিন শপিং ব্যাগকে দায়ী করা হয়েছিল। অথচ বর্তমানে আমরা সবাই জানি পলিথিন শপিং ব্যাগ বন্ধ করার পরেও একটু বৃষ্টিতেই ঢাকা ডুবে যায়, সচিবালয়ে মাছ ধরা পড়ে।

বিপিজিএমইএ সভাপতি বলেন, প্লাস্টিক কৃষিতে ব্যাপক ভূমিকা রাখছে। এর মধ্যে রয়েছে সেচ পাইপ, এগ্রিকালচারাল পলিথিন, ড্রামসিডার প্যাকেজিংসহ অনেক কিছুই। কৃষি জমির তাপমাত্রা নিয়ন্ত্রণ, গ্রীন হাউজ নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার কৃষিতে বিপ্লব এনেছে পৃথিবীব্যাপী।

তিনি দাবি করেন, পৃথিবীতে কৃষি ক্ষেত্রে ৬০ ভাগ পলিথিন ব্যবহার করা হয়। আমাদের দেশে লবন চাষে প্লাস্টিকের ব্যবহার শুরু হয়েছে। এতে অপচয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলন বেড়েছে বহুগুণ, সংরক্ষণেও সুবিধা অনেক। অথচ আমরা পলিথিন নিষিদ্ধ করে রেখেছি। কৃষি ক্ষেত্রে পলিথিনের যে সুফলতা কৃষি বিজ্ঞানীদের উচিত সরকারকে তা বোঝানো।

তিনি বলেন, গ্যাস লাইনে লোহার পরিবর্তে প্লাস্টিক পাইপের ব্যবহার করে আমরা শতশত কোটি টাকা সাশ্রয় করতে পারি।

তিনি জানান, প্লাস্টিক সেক্টরে ইনভেস্টমেণ্ট এবং টার্ণওভার অনেক বড়, প্রায় চার হাজার কোটি টাকা। আমেরিকার টোটাল ইকোনোমি হিসেব করলে দেখা যায় ১০ নম্বর স্থানে প্লাস্টিক এবং এর গ্রোথ প্রায় ২০ ভাগ।

“আমেরিকার মতো দেশে গ্রোথ ২০ ভাগ হলে আমাদের দেশে এর অনেক বেশি গ্রোথ হওয়ার কথা। প্লাস্টিকের মতো সম্ভাবনাময় শিল্পের উপর সরকারের নজর দেওয়া উচিত। প্রচ্ছন্ন ও সরাসরি রপ্তানিতে প্রায় ৯০০ কোটি টাকার প্লাস্টিক এক্সপোর্ট হয়। অর্থাৎ মোট হিসেব করলে বাংলাদেশে প্লস্টিক শিল্পের অবস্থান চলে আসে চার / পাঁচ নম্বরে,” তিনি বলেন।

বিপিজিএমইএ সভাপতি বলেন: মোল্ড ইণ্ডাস্ট্রি না থাকা আমাদের একটি বড়ো সমস্যা। মোল্ড হচ্ছে প্লাস্টিক শিল্পের প্রাণ। একটা টেকনোলজিক্যাল ল্যাব এবং মোল্ড সেণ্টার একসাথে করতে পারলে এ শিল্পের সম্ভাবনা অনেক।

তাছাড়া দেশে তেল গ্যাসের যে ভাণ্ডার আছে তা ব্যবহার করে কাঁচামাল তৈরির প্রকল্প হাতে নেওয়ার ভাবনাও আমাদের শুরু করা উচিত বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এ প্রকল্প সফল হলে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা আমরা সাশ্রয় করতে পারবো।