অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সুশাসন, দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন: সাইফুর রহমান
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সুশাসন, দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা ও রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। এজন্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত ব্যবস্থার কারণে দেশে প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ--চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার দু’ দিনব্যাপি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
এতে আরো বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহম্মেদ, সাফা সভাপতি সুনীল গয়াল, সহ - সভাপতি ইন্দ্রজিৎ ফার্নান্দো, আইসিএমএ’র সভাপতি সতিপতি মৈত্র, আইসিএ’র সভাপতি এএসএম নাঈম, সাফা সম্মেলন কমিটির চেয়ারম্যান জামালউদ্দিন আহমদ।
এতে মূল বক্তব্য উপস্থাপণ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে সার্ক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বনিন্ম পর্যায়ে রয়েছে। তবে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের রাজস্ব আয়ের মূল অংশটিই আসছে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর থেকে। গণতন্ত্র প্রতিষ্ঠার মাত্র ১৫ বছরে আমরা এ ব্যাপারে বেশ অগ্রগতি অর্জন করেছি। এজন্য আমরা বেশকিছু খাতের সংস্কারও করেছি।
তিনি বলেন, দেশে বর্তমানে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই বিদেশি উদ্যোক্তারা প্রতিনিয়তই বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসছে। যা আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সাহায্য করবে।
বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, এশিয়ার দেশগুলো প্রতিবছরই প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ছে। এছাড়াও শ্রীলংকা ও নেপালে রয়েছে রাজনৈতিক অস্থিরতা। তাই আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে তেমন অগ্রগতি অর্জ করতে পারছি না। তারপরও স্বল্পোন্নত দেশ হলেও বিগত অর্থবছরে আমরা ছয় দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি।
তিনি বলেন, দেশে বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য আমাদের কোম্পানি আইন সংশোধণ প্রয়োজন। ইতোমধ্যে কোম্পানি আইন সংশোধণের একটি খসড়া তৈরি হয়েছে। শিগগিরই আইনটি চূড়ান্ত করা হবে।
