আদমজী ইপিজেডে বাংলাদেশী নীট ও ডাইড কাপড় শিল্পে নতুন বিনিয়োগ
বাংলাদেশী মালিকানাধীন ইয়াসমা নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড আদমজী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় ২ দশমিক ৭৮১ মার্কিন ডলার বিনিয়োগে একটি নিট ও ডাইড কাপড় প্রস্তুতকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে। এটি হবে আদমজী ইপিজেডের দশম শিল্প ইউনিট।
নতুন এ কারখানাটি স্থাপিত হলে বার্ষিক ১ দশমিক ৭ মিলিয়ন কেজি নিটেড ও ডাইড ফিনিশড কাপড় তৈরি হবে এবং এতে করে ২৭২ জন বাংলাদেশী ও ২ জন বিদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হবে।
বেপজার এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, কারখানা স্থাপনের লক্ষ্যে সোমবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ইয়াসমা নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার সদস্য বিনিয়োগ উন্নয়ন প্রশান্ত ভূষণ বড়–য়া এবং ইয়াসমা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ চুক্তিতে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আশরাফ আবদুল্লাহ ইউসুফ, সদস্য (প্রকৌশল) আবু রেজা খান, সচিব সৈয়দ আহমেদ, প্রধান হিসাব রক্ষণ অর্থ কর্মকর্তা ও মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) একেএম মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
