ইসলামাবাদে সার্ক অর্থমন্ত্রীদের বৈঠক মঙ্গলবার
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর অর্থমন্ত্রীরা মঙ্গলবার ইসলামাবাদে এক বেঠকে মিলিত হচ্ছেন। সার্ক উন্নয়ন তহবিল (এসডিএফ)সহ বিভিন্ন তহবিল ব্যবহারের বিষয়গুলো বৈঠকে চূড়ান্ত করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এর আগে সোমবার সদস্যদেশগুলোর অর্থসচিবরা বৈঠকে মিলিত হয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যেসব সিদ্ধান্ত গৃহীত হবে তার নথিপত্র চূড়ান্ত করবেন।
অর্থপ্রতিমন্ত্রী শাহ এম আবুল হোসেন বৈঠকে অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের অপারগতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সূত্র জানায় এর আগে চার দফায় বৈঠকটির তারিখ পেছানো হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বৈঠকে এছাড়াও দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিল (এসএডিএফ), সার্ক দারিদ্র নিরসন তহবিলসহ বিভিন্ন তহবিল ব্যবহারের বিষয়ে আলোচনা করে চূড়ান্ত করা হবে।
আলোচনার মধ্যে দিয়ে অর্থমন্ত্রীগণ তহবিলগুলোতে কোন দেশের অংশগ্রহণ কতটুকু হবে এবং জাতিসংঘ ও দাতা দেশগুলোর কাছ থেকে তহবিল গ্রহণের পদ্ধতি কি হবে তাও চূড়ান্ত করবেন।
