কাঁচা মরিচে ঝাল, কেজি প্রতি ৩২ টাকা থেকে বেড়ে ৪৮ টাকা
বাজারে এ সপ্তাহে মূল্য বৃদ্ধি পণ্যের তালিকায় নতুন করে যুক্ত হলো কাঁচা মরিচ। গত তিনদিনে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৩২ টাকা থেকে বেড়ে ৪৮ টাকা হয়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এ সপ্তাহে কাঁচা মরিচের সাথে সাথে নতুন আদার দামও বেড়েছে।
গত কয়েক মাসে একে একে চিনি, ডাল, মাংস, আলু এবং ডিমের মূল্য বৃদ্ধি পায়। এমনিতেই বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দামই বাড়তি। তারপরও বাজারে বেশ কিছু পণ্যের দাম হু হু করে বাড়ছে। অথচ বাজার নিয়ন্ত্রণে সরকারের কোন ভূমিকাই নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন হওয়ার পরও নতুন বাণিজ্যমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের অবস্থান আগের জনেরই মত। বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে নতুন বাণিজ্যমন্ত্রীর হুঙ্কার আছে, অথচ পণ্যের দাম যুক্তিহীনভাবে বৃদ্ধিতে মধ্যসত্ত্বভোগী ও মজুদদারির বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নেই।
রাজধানীর কাওরানবাজার ও ফকিরাপুলের কাঁচা বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৩২ টাকা থেকে বেড়ে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। শুকনা মরিচ গত সপ্তাহের মত ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে নতুন আদার দামও বেড়েছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে নতুন আদার দাম কেজি প্রতি পাঁচ টাকা বেড়েছে। এ সপ্তাহে ডিম হালি প্রতি ১৮ টাকায়, আলু কেজি প্রতি ১৭ টাকা, দেশী পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
তবে ভারতীয় রসুন ৮০ টাকা থেকে কমে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে চিনি ও ডালের দাম আগের মতোই এ সপ্তাহেও স্থির ছিল।
কাওরানবাজারের কাঁচামাল বিক্রেতা আনোয়ার জানান, পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ২২ টাকা থেকে হঠাৎ করে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে, তাই খচুরা বাজারেও এর প্রভাব পড়েছে।
অন্যদিকে শুক্রবারে বাজার করতে আসা অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মতিউর রহমান অভিযোগ করে বলেন, সরকার বিভিন্ন পণ্যের মজুদদারির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। তাই পাইকারি ও খচুরা বাজারের মধ্যে দামের পার্থক্য নতুন করে দেখা দিয়েছে।
তিনি বলেন, বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধিতে পাইকারদের অবৈধ ভূমিকার পাশাপাশি এবার খুচরা বিক্রেতারাও ভুমিকা রাখছে। তাই এখন সব পণ্যের পাইকারি ও খুচরা বাজারের মধ্যে দামের পার্থক্য অন্য যে কোন সময়ের তুলনায় বেশি।
