বিদেশি সহায়তার ওপর নির্ভরতা দ্রুত কমিয়ে আনছে বাংলাদেশ: ইকোসকের বৈঠকে পররাষ্ট সচিব
বাংলাদেশ বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা দ্রুত কমিয়ে আনছে। তবে সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য এবং সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের প্রয়োজন অব্যহত বিদেশি সহযোগিতা।
জেনেভায় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) উচ্চ পর্যায়ের এক বৈঠকে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন তার বক্তব্যে বুধবার এ বিষয়টি উপস্থাপন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
তিনি বলেন, নব্বই দশকের গোড়ার দিকে বাংলাদেশের জাতীয় উৎপাদনের ক্ষেত্রে বিদেশি সাহায্য নির্ভরতা ছিল ৭ শতাংশ। ২০০৪ সালে এটি ২ শতাংশেরও নিচে নেমে আসে। এছাড়া এ অঞ্চলের বিনিয়োগ নীতিমালার মধ্যে বাংলাদেশের বিনিয়োগ নীতি সর্বোত্তম নীতিগুলোর একটি।
পূর্ণাঙ্গ ও উৎপাদনমুখী কর্মসংস্থানের জন্য যে নীতি গ্রহণ করা হয়েছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা পেলে সাফল্য আসবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।
আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, পণ্য রপ্তানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অগ্রাধিকার ভিত্তিক ব্যবস্থা ও শুল্কমুক্ত প্রবেশাধিকারের ফলে সামগ্রিক, নিরাপদ, প্রত্যাশিত সাফল্য অর্জন সহজতর হবে।
তিনি আরও বলেন, উন্নত দেশগুলো হংকংয়ে স্বল্পোন্নত দেশগুলোকে ৯৭ শতাংশ শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের ব্যাপারে একমত হয়েছে।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর পণ্যের জন্য মুক্ত বাজার নিশ্চিত করার ব্যাপারে দোহা রাউন্ড আলোচনা ফলপ্রসূ হয়নি। তা না হলে পুরোপুরি কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের বিষয়টি স্বল্পোন্নত দেশগুলোর ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে বলে তিনি মত প্রকাশ করেন।
হেমায়েতউদ্দিন বলেন, বাংলাদেশ খাদ্যে ও জিডিপি ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গর্ব করতে পারে। এখন বাংলাদেশ সহায্যের চেয়ে বরং বাণিজ্যের ব্যাপারে তৎপর হয়ে উঠেছে।
টেকসই উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের অন্যান্য দেশের সাথে একযোগে কাজ করার ব্যাপারে তিনি বাংলাদেশের আগ্রহের বিষয়টিও তুলে ধরেন।
