গার্মেন্টস সেক্টরে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষে সরকারকে দায়ী করলেন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ সোমবার দেশের গার্মেন্টস খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের জন্যে সরকারকে দায়ী করেছেন।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাথে এক মতবিনিময়কালে জাপা (এ) চেয়ারম্যান বলেন, আমার মনে হয়, গার্মেন্টস সেক্টরে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষে ভাংচুর ও নৈরাজ্যের ঘটনায় সরকারের একটি ভূমিকা ছিল।
এরশাদ বলেন, গত সপ্তাহে সাভারের কয়েকটি গার্মেন্টসে ভাংচুরের নেতৃত্ব দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন নেতা।
তিনি এ সব ঘটনার জন্যে সরকারের ব্যর্থতা ও প্রশাসনিক দুর্বলতাকেই দায়ী করেছেন।
জাপা চেয়ারম্যান বলেন, সরকারকেই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে। এ সময় তিনি শ্রমিকদের দাবি দাওয়া মেটাতে মালিকদের প্রতি আহ্বান জানান।
বিকেএমইএ সভাপতি ফজলুল হক, সাবেক প্রধানমন্ত্রী ও জাপা নেতা কাজী জাফর আহমেদ, জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও গার্মেন্টস উদ্যোক্তা আনিসুল ইসলাম মাহমুদ, বিকেএমইএ নেতা এম বাসেত এবং গোলাম সারোয়ার মিলন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এ শিল্পের বিকাশে সরকারের কাছে প্যাকেজ সুবিধার প্রস্তাব দিতে তিনি বিকেএমইএ নেতাদের পরামর্শ দেন।
তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন ব্যাক টু ব্যাক এলসি’র প্রবর্তন করেছিলেন বলে উল্লেখ করেন।
ফজলুল হক বলেন, এ সেক্টর যখন সমস্যার মুখোমুখি তখন আমরা রাজনৈতিক দলগুলোর সমর্থন পাইনি।
তিনি অভিযোগ করেন, যখন এ সেক্টরে নৈরাজ্য চলছে তখন রাজনৈতিক দলগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
