কর্তৃপক্ষের গাফিলতিতে ক্রমেই সঙ্কুচিত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে
নিরাপদ, সুলভ, টেকসই ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা হওয়া সত্ত্বেও সংশি¬ষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে স্বাধীনতার পর থেকেই সঙ্কুচিত হয়ে আসছে বাংলাদেশ রেলওয়ে।
‘বাংলাদেশ রেলওয়ের ভবিষ্যৎ: আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা’ শীর্ষক এক সেমিনারে সোমবার সরকার ও বিশ্বব্যাংক কর্তৃপক্ষ স্বীকার করেন, সংশি¬ষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং বিনিয়োগের অভাবে অন্যান্য পরিবহন খাতের সাথে রেলওয়ে খাত প্রতিযোগিতায় যেতে পারেনি।
বাংলাদেশ রেলওয়ে ও বিশ্বব্যাংকের যৌথভাবে আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞরা রেলওয়ে খাতের সঙ্কট দূর করার জন্যে নতুন নীতি এবং অধিক বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। পরিবহন ব্যবসা ও স্বার্থান্বেষী মহলের কারণে রেলওয়ে খাত অবহেলিত থেকে গেছে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, ঐতিহাসিকভাবে প্রাপ্ত বাংলাদেশ রেলওয়ে খাতকে অবহেলিত রাখা ঠিক হবে না। সড়ক পরিবহন খাতের চাপসহ বিভিন্ন কারণে বাংলাদেশ রেলওয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি এবং অন্যান্য পরিবহন খাতের সাথে প্রতিযোগিতা করতে পারেনি।
যোগাযোগ মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ রেলওয়ে একটি পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা এবং দেশের পরিবহন ব্যবস্থার আরও উন্নতি সাধনের জন্য এ খাতের উন্নয়ন করা উচিত। রেলওয়ের অবকাঠামো এবং সাংগঠনিক কাঠামো উন্নয়নের জন্য এ খাতে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন বলে তিনি উলে¬খ করেন।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক বলেন, এক সময় রেলওয়ে খাতকে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হত। কিন্তু এ খাতে খুব সামান্যই বিনিয়োগ হয়েছে এবং বর্তমানে রেলওয়ে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে খুব সামান্যই ভূমিকা রাখছে।
রেলওয়েকে পরিবেশবান্ধব ও টেকসই পরিবহন ব্যবস্থা হিসেবে উলে¬খ করে ওয়ালিক এ খাতকে জ্বালানি রক্ষাকারী এবং কম দূষণ উৎপাদকারী খাত হিসেবে চিহ্নিত করেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, স্বাধীনতার পর রেলপথের দৈর্ঘের পাশাপাশি ইঞ্জিন ও কোচের সংখ্যা কমে গিয়ে বাংলাদেশ রেলওয়ের পরিবহন ক্ষমতা কমে এসেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৭২ সালে রেলওয়ের ইঞ্জিনের সংখ্যা ছিল ৫০০। বর্তমানে তা কমে ২৮৬ তে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে ১৯৭২ সালে কোচ ও ওয়াগনের সংখ্যা ছিল ১৭ হাজার ৭৭৪ এবং বর্তমানে সে সংখ্যা কমে ১১ হাজার ৬৪২ এ এসে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ১৯৮১ সালে মোট রেলপথের দৈর্ঘ ছিল ২ হাজার ৮৮৪ কিমি এবং বর্তমানে মোট রেলপথের দৈর্ঘ ২ হাজার ৮৫৪ দশমিক ৯৬ কিমি।
সড়ক পথের ক্ষেত্রে দেশে ঠিক রেলপথের বিপরীত ঘটনা ঘটেছে। ১৯৭১ সালে দেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় সড়ক পথের দৈর্ঘ ছিল ৪ হাজার ১৭৫ কিমি যা বর্তমানে ২১ হাজার ৫৭১ কিমি এ দঁড়িয়েছে।
এর মধ্যে কিছু রেলপথ নির্মাণ করা হলেও সে তুলনায় রেলপথ অপসারণের কাজই বেশি হয়েছে। এছাড়া বেশকিছু ক্ষেত্রে নতুন রেলপথ নির্মাণ করা হলেও শাখা রেলপথ উঠিয়ে দেওয়া হয় এবং দুই জেলার মধ্যে রেলপথ বন্ধ করে দেওয়া হয়।
স্বাধীনতার পর বন্ধ হয়ে যাওয়া রেলপথগুলো হচ্ছে: খুলনা - বাগেরহাট, রাজবাড়ী - ভাটিয়াপাড়া, ফরিদপুর - পদ্মা ঘাট, রাজবাড়ী - ফরিদপুর, ভেড়ামারা - রাইতা, রাজশাহী - গোদাগাড়ি - রোহানপুর, লালমনিরহাট - মোল¬াহাট, ময়মনসিংহ - দুর্গাপুর এবং ফেনী - পরশুরাম।
ব্রিটিশ আমলের ভারতের সবচেয়ে বড় রেলওয়ে ওয়ার্কশপ ছিল সৈয়দপুরে। সেটিও এখন প্রায় ধ্বংস হওয়ার যোগাড়। ওয়ার্কশপের জমির ব্যাপক অংশ এখন বেদখল হয়ে গেছে এবং সেখানে নগর পত্তন করা হয়েছে।
রেলওয়ের অপর একটি সূত্র জানায়, সরকারের অপনীতির ফলে বাংলাদেশ প্রতিবছর মোটা অংকের লোকসান দিচ্ছে।
