ফিডার অপারেটরদের ধার্যকৃত অতিরিক্ত চার্জের বিরুদ্ধে হাইকোর্টের স্থগিত আদেশ
ফিডার অপারেটরদের ধার্যকৃত অতিরিক্ত চার্জের বিরুদ্ধে হাইকোর্ট সোমবার স্থগিত আদেশ জারি করেছেন।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর লিখিত আবেদনের শুনানির পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বযে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।
ফিডার অপারেটররা ২০ ফুট কন্টেইনারের জন্যে ১৩০ মার্কিন ডলার ও ৪০ ফুট কন্টেইনারের জন্যে ২৬০ মার্কিন ডলার অতিরিক্ত চার্জ ধার্য করলে বিজিএমইএ আদালতে লিখিত আবেদন জানায়।
ফিডার অপারেটররা এ বছরের ৬ জুন থেকে এই অতিরিক্ত চার্জ ধার্য করে বলে বিজিএমইএ’র পরিচালক মাহবুব চৌধুরী জানান।
“ফিডার অপারেটররা দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের কাছ থেকে মাত্র ২৮ দিনের মধ্যে ১০০ কোটি টাকা আদায় করেছে”, চৌধুরী বিডিনিউজকে বলেন।
“আমরা খুব শিগগিরই ফিডার অপারেটরদের কাছ থেকে এই অর্থ ফেরত নেওয়ার চেষ্টা করবো” তিনি বলেন।
হাইকোর্টের রায়ের পর বিজিএমইএ কর্মকর্তারা ফিডার অপারেটরদের নেওয়া অতিরিক্ত চার্জের সিদ্ধান্তকে ‘অবৈধ কর’ বলে অভিহিত করেন।
