বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিলের নিলামের ১২৭৮ কোটি টাকার দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে রোববার ২৮, ৯১, ১৮২ ও ৩৬৪ দিন এবং দু’বছর মেয়াদি ট্রেজারি বিল এর ২৭তম নিলাম অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিলগুলোর জন্যে যথাক্রমে ১০৮৮ কোটি, ৪০ কোটি, ৩৭ কোটি, ৪০ কোটি এবং ১৮০ কোটি টাকাসহ মোট ১৩৮৫ কোটি টাকার দরপত্র পাওয়া যায়।
এর মধ্যে ২৮ দিন, ৯১ দিন, ১৮২ দিন, ৩৬৪ দিন এবং দু’বছর মেয়াদি বিলের জন্যে যথাক্রমে ১০৮৮ কোটি, ১০ কোটি, ১০ কোটি, ৩০ কোটি এবং ১৪০ কোটি টাকাসহ মোট ১২৭৮ কোটি টাকার দরপত্র গৃহীত হয়।
গৃহীত দরপত্রের বার্ষিক আয়ের হারের সীমা ছিল যথাক্রমে শতকরা ৭ দশমিক ১০ ভাগ, ৭ দশমিক ৪৫ ভাগ, ৭ দশমিক ৮০ ভাগ, ৮ দশমিক ৩০ ভাগ এবং ৯ দশমিক ১৫ ভাগ।
চলতি সপ্তাহে মোট ৫১৩ দশমিক ৭০ কোটি টাকার বিল পরিশোধিত হবে। ফলে চলতি সপ্তাহে ট্রেজারি বিলসমূহের নীট ইস্যুর পরিমাণ ৭৬৪ দশমিক ৩০ কোটি টাকা বৃদ্ধি পাবে।
