২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন দাবিতে মিরপুরে রাস্তায় নামল আড়াই সহস্রাধিক বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিক, বিস্তারিত

রাজধানীর শেওড়াপাড়ার কাছে মিরপুর সড়কে শনিবার এসকিউ গার্মেন্টসের আড়াই হাজারেরও বেশি শ্রমিক তাদের ১১ দফা দাবী পূরণে রাস্তায় নেমে আসে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

শ্রমিকরা বেলা ১টার দিকে মিরপুর সড়কে অবস্থান নেয়। এ সময় তারা ফ্যাক্টরির সামনের রাস্তায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কারখানার নারী শ্রমিক রিতা বেগম বলেন, আমরা আমাদের নূন্যতম মজুরি আড়াই হাজার টাকা পুনঃনির্ধারণ ও চুক্তিভিত্তিক শ্রমিকদের জন্য পিস প্রতি নতুন রেট চাই। আমরা কারখানার মালিকের সাথেও এ ব্যাপারে সরাসরি আলোচনা করতে চাই।

শ্রমিকরা কারখানার মধ্যবর্তী ব্যবস্থাপকদের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও দুর্ব্যাবহারেরও অভিযোগ করেন।

কারখানার অপর এক শ্রমিক শামসুন্নাহার বলেন, তারা নারী শ্রমিকদের সাথে সবসময়ই অসৌজন্যমূলক আচরণ করে থাকে এবং আমাদেরকে ন্যুনতম সম্মান দেওয়া হয়না।

সূত্র জানায়, শ্রমিকদের সপ্তাহব্যাপী বিক্ষোভের ফলে বৃহস্পতিবার শ্রমিক ও ব্যবস্থাপকদের মধ্যে চলমান আলোচনা ভেস্তে যায়।

গার্মেন্টস ও শিল্প শ্রমিক রক্ষা জাতীয় পরিষদ নেতা কামরুল আহসান বিডিনিউজকে বলেন, তারা দুই পক্ষকে আলোচনায় বসাতে ব্যর্থ হয়েছেন।

অন্যদিকে ওরিয়ন গার্মেন্টসের শ্রমিকরা শনিবার বেলা ১২টার দিকে তাদের বন্ধ করে দিয়ে মিরপুর ১২ নম্বরে কারখানার সামনে অবস্থান নেয়।