গার্মেন্টস খাতে ত্রিপক্ষীয় চুক্তির বাস্তবায়ন অনিশ্চিত
দেশের তৈরি পোশাক খাতে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি ৪ জুলাই থেকে বাস্তবায়নের কথা থাকলেও চুক্তি মেনে চলা হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য কোনও পদ্ধতি না থাকায় চুক্তি বাস্তবায়নের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার, মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, সবার জন্য যেকোন একদিন সাপ্তাহিক ছুটি, নারী শ্রমিকদের মাতৃত্বজনিত ছুটি, টেড ইউনিয়ন করার অধিকার, অতিরিক্ত কর্মঘণ্টার জন্য দ্বিগুণ হারে ওভারটাইমভাতা প্রদানের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তি অনুযায়ী ন্যূনতম মজুরি বোর্ড গঠনের মাধ্যমে অন্যান্য দাবিগুলো ৩১ মে থেকে পরবর্তী তিন মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে।
শ্রমিকদের অংশগ্রহণের মাধ্যমে পরিদর্শন প্রক্রিয়া বাস্তবায়নের জন্য সরকার ও মালিকপক্ষ বুধবার একটি বৈঠক করেন। কার্যকর কোনও সিদ্ধান্ত ছাড়াই এ বৈঠক শেষ হয়।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী ডাঃ ওয়াজেদুল ইসলাম খান শুক্রবার বিডিনিউজকে বলেন, ত্রিপক্ষীয় চুক্তির বাস্তবায়ন তদারকি করার জন্য এখনও কোনও কমিটি গঠিত হয়নি।
তিনি বলেন, আমরা প্রথমে চুক্তি বাস্তবায়নে মালিকদের সদিচ্ছার বিষয়টি দেখতে চাচ্ছি। চুক্তি বাস্তবায়ন যদি যথাসময়ে শুরু না হয়, তাহলে আমরা চুক্তি বাস্তবায়নের ব্যাপারে অবশ্যই সরকারের ওপর চাপ প্রয়োগ করব।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ইতোমধ্যে আমরা মালিকদের চুক্তির বিষয়গুলো বাস্তবায়নের ব্যাপারে অবহিত করেছি এবং সংবাদপত্রে এ ব্যাপারে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা চুক্তির বিষয়গুলো বাস্তবায়ন করবে না তাদের দণ্ড প্রদানের ব্যাপারে আমরা এখন দৃঢ়প্রতিজ্ঞ।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আমিন বলেন, বিজিএমইএ এবং বিকেএমইএ ট্রেড ইউনিয়নের সাথে প্রথমবারের মতো একমত হয়ে মালিক ও শ্রমিকদের প্রতিনিধি নিয়ে পরিদর্শন সেল গঠনের ব্যাপারে রাজি হয়েছে।
অন্যদিকে বুধবার সর্বশেষ ত্রিপক্ষীয় বৈঠকে স্যুয়েটার কারখানার সমস্যা সমাধানে, বিশেষ করে প্রতিটি পিসের মজুরি কত হবে এবং তা কখন জানানো হবে সে বিষয়টি নির্ধারনে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
গার্মেন্টস শ্রমিক রক্ষা জাতীয় জোটের নেতা কামরুল আহসান শুক্রবার বিডিনিউজকে জানান, তিন সদস্য বিশিষ্ট মূল্য নির্ধারক কমিটিতে শ্রমিক প্রতিনিধি হিসেবে প্রবীন শ্রমিক নেতা সফিকুর রহমান মজুমদারের নাম প্রস্তাব করা হয়েছে।
