এবার লাফিয়ে উঠেছে মসুর ডালের দাম; চাল ও আলুর দামও বাড়তি
মসুর ডালের দাম শুক্রবারে আরেক দফা লাফিয়ে উঠেছে। মাত্র একদিন আগে যে ডাল বিক্রি হয়েছে ৬২ টাকা কেজি, তা-ই শুক্রবারে খুচরা বিক্রেতাদের ৬৫ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। ভারত থেকে ডাল আমদানি বন্ধ হয়ে যাওয়ার গুজবকে কাজে লাগিয়ে চড়া দামে ডাল বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।
শুক্রবারে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, খুচরা বিক্রেতারা তাদের ইচ্ছেমতো মসুর ডালের দাম রাখছেন। মসুর ডালের দাম ৬৫ থেকে ৬৮ টাকার মধ্যে দৌড়াদৌড়ি করছে।
ডাল আমদানিকারক ও বায়েজিদ এন্টারপ্রাইজের মালিক আব্দুল বাতেন জানালেন, ভারত বাংলাদেশে মসুর ডাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে খুচরা বিক্রেতারা জানতে পেরেছে এবং সরবরাহ ঘাটতির সুযোগকে তারা কাজে লাগাচ্ছে।
তারা এক কেজি ডাল ৫০ থেকে ৫৪ টাকায় বিক্রি করলেও খুচরা বিক্রেতারা এক কেজি ডাল ৬৫ টাকায় বিক্রি করছে বলে তিনি জানান।
ভারতীয় ডাল আমদানি বৃহস্পতিবার থেকে প্রায় বন্ধ রয়েছে। ওই দিন থেকে ডাল বোঝাই কোনও ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। বাতেন আরও জানান, তুরস্ক থেকে ডাল আমদানির বিষয়টি এখনও পরিকল্পনাধীন। দেশের বাজারে তুরস্কের মসুরের ডাল পেতে আরও প্রায় এক মাস সময় লাগবে বলে তিনি জানান।
মসুর ডাল ছাড়াও রাজধানীর তরকারি বাজারে চাল ও আলুর মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও চড়া দামে বিক্রি হতে দেখা যায়। বিডিনিউজ প্রতিবেদক কারওয়ান বাজার ঘুরে পারি ও বিআর ২৮ এর মতো মোটা চাল ১৮ টাকা ৫০ পয়সা থেকে ১৯ টাকা ধরে দরে বিক্রি হতে দেখেন।
নাজিরশাইল চাল কেজি প্রতি এক টাকা বেড়ে ২৩ টাকা দরে এবং মিনিকেট ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নাজিরশাইল ২১ টাকা ৪৩ পয়সা কেজি এবং মিনিকেট ২৫ টাকা ১৯ পয়সা কেজি বিক্রি করছেন বলে পাইকারি বিক্রেতারা জানান।
কারওয়ান বাজারের রামগঞ্জ রাইস এজেন্সির ইব্রাহিম খলিল বলেন, চাল আমদানির জন্য আমাদের উচ্চহারে পরিবহন ভাড়া দিতে হচ্ছে এবং সরবরাহকারীরা দর বাড়িয়েছেন।
চলতি সপ্তাহে প্রতি কেজি গোলআলু ১৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এর আগে এক কেজি আলু বিক্রি হয়েছে ১৬ টাকা দরে। এছাড়া গত শুক্রবারে ভারতীয় রসুন ৮০ টাকা থেকে কমে ৬৫ টাকা দরে বিক্রি হয়। চিনির দাম আগের মতোই এ সপ্তাহেও স্থির ছিল।
গোলআলু বিক্রেতা জহির জানালেন, আমদানির পাশাপাশি উৎপাদনে ঘাটতি দেখা দেওয়ায় আলুর খুচরা মূল্য বেড়ে গেছে।
অন্যদিকে তরকারি বাজারে অধিকাংশ শাকসব্জির দাম কমে এসেছে। বাজারে শুক্রবারে বেগুন ২৪ থেকে ৩০ টাকা কেজি, তিতা করলা ২২ থেকে ২৪ টাকা, ঢেড়ষ ১৪ থেকে ১৬ টাকা, ঝিঙ্গা ২২ থেকে ২৪, চিচিঙ্গা ১৬ থেকে ১৮ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।
