শিক্ষকদের কিছু দাবি মেনে নিতে সাইফুরের আশ্বাস
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার সংসদে বলেছেন, ২৫ জুলাইয়ের মধ্যে শিক্ষকদের কিছু দাবি দাওয়া মেনে নেওয়া হবে।
শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের অনুপস্থিতিতে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, শিক্ষকদের ব্যাপারে আমাদের আরো বেশি সংবেদনশীল হতে হবে।
যদিও তিনি পাঠ দানের গুণগত মান বৃদ্ধির ব্যাপারে জোর দেন।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে সাইফুর রহমান বলেন, সরকার প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৩, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কমিউনিটি শিক্ষকদের ভাতার ব্যাপারে সাইফুর রহমান বলেন, ১৯৯১ সালের আগে কমিউনিটি শিক্ষকদের সরকারের পক্ষ থেকে কোনো টাকা দেওয়া হত না।
তিনি বলেন, বিএনপি সরকার ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর কমিউনিটি শিক্ষকদের ৫০০ টাকা দেওয়া হয়।
তিনি বলেন, ২০০১ সালে আমরা তা ৭৫০ টাকায় উন্নীত করি। যদিও তিনি উল্লেখ করেন এ অর্থ যথেষ্ঠ নয়।
