২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আবারো শ্রমিক বিক্ষোভ, পুলিশি হামলায় ২০ শ্রমিক আহত

সাভারের জামগড়া এলাকার হাভার্ড স্যুয়েটার ফ্যাক্টরিতে বৃহস্পতিবার বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর পুলিশ ও র‌্যাবের লাঠিচার্জে কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফ্যাক্টরির শ্রমিকরা সকালে তাদের বিভিন্ন দাবিতে ফ্যাক্টরিতে হামলা চালায়। তারা পাশের হিউন অ্যাপারেলস ফ্যাক্টরির শ্রমিকদেরও তাদের সাথে যোগ দেওয়ানোর চেষ্টা করে।

পরে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরআগে গত চারদিন আগে মালিকপক্ষ শ্রমিকদের সকল দাবি দাওয়া মেনে নেয়। কিন্তু শ্রমিকরা কাজে যোগ দেওয়ার আগে মালিকপক্ষের কাছে কাজের রেট ঘোষণা করতে বলেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজ করার কথা ছিলো।

একজন গার্মেন্স শ্রমিক বলেন, কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিলেও স্যুয়েটারের রেট ঘোষণা করেনি।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, শ্রমিকরা ফ্যাক্টরিতে ভাংচুর চালানোর চেষ্টা করলে আমরা তা প্রতিরোধ করি।

সূত্র জানায়, পুলিশের লাঠিচার্জে অন্ততঃ ২০ শ্রমিক আহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক হার্ভাড ফ্যাক্টরির একজন কর্মকর্তা বলেন, ফ্যাক্টরির প্রডাকশন ম্যানেজার ফিরোজ আহমেদকে ইতোপূর্বে বিদেশে পাঠানো কার্টনের মধ্যে কম মাল দেওয়ার অভিযোগে চাকরিচ্যুত করা হয়। তিনি অভিযোগ করেন, এরপর থেকে তিনি শ্রমিকদের উস্কানি দিয়ে এ কাজগুলো করাচ্ছেন।

ঘটনার পর ওই এলাকায় দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।