বাংলাদেশের টেক্সটাইল শিল্পের পেশাজীবীদের প্রশিক্ষণ দেবে চীন
বাংলাদেশের টেক্সটাইল শিল্পে কর্মরত ব্যবস্থাপক ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য চীন একটি প্রশিক্ষণের আয়োজন করেছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে সরকারি ও বেসরকারি খাতের শিক্ষক, ব্যবস্থাপক ও কারিগরি বিশেষজ্ঞসহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবে।
ঢাকায় চীন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের টেক্সটাইল শিল্পের এ প্রশিক্ষণ কর্মসূচীটি চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সৌজন্যে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ পরিচালনা করবে পিকিং (বেইজিং) বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক উন্নয়ন ও সরকার প্রশাসন ইনস্টিটিউট।
২০ দিনের এ প্রশিক্ষণে উৎপাদন, ডিজাইন, ডাইং, মানবসম্পদ উন্নয়ন, মার্কেটিং এবং ব্র্যান্ড স্ট্রাটেজির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
প্রশিক্ষণে অংশ গ্রহণকারীরা চীনের বিভিন্ন টেক্সটাইল ম্যানুফেকচারিং ইউনিট, টেক্সটাইল টেকনোলজি ইনস্টিটিউট, ডিজাইন সেন্টারগুলো পরিদর্শন করবেন এবং টেক্সটাইল খাতের বিনিয়োগকারী ও বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় করবেন।
অংশ গ্রহণকারীরা প্রশিক্ষণের অংশ হিসেবে চীনের টেক্সটাইল শিল্পের প্রাণকেন্দ্র জিয়াংসু প্রদেশ সফর করবেন।
