২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই-এপ্রিলে জার্মানিতে নিটওয়্যার রপ্তানি ৫১ শতাংশ বেড়েছে

তৈরি পেশাক শিল্পের এমএফএ পরবর্তী প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে চীনের মত প্রতিদ্বন্দ্বী দেশ থাকার পরেও জার্মানিতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি অব্যহত গতিতে বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 05:36 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র বুধবার বিডিনিউজকে জানায়, গত অর্থবছরের জুলাই-এপ্রিলের তুলনায় বর্তমান অর্থবছরের একই সময়ে জার্মানিতে দেশের তৈরি পোশাক রপ্তানি ৫১ শতাংশ বেড়ে ৮০৫ দশমিক ৩৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বিডিনিউজকে বলেন, জার্মানিতে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হওয়ায় সেখানে রপ্তানি বৃদ্ধির এ সুযোগ সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, বর্তমান অর্থবছরের মত পরবর্তী অর্থবছরেও দেশটিতে রপ্তানি লক্ষ্যমাত্রা বজায় রাখতে আমরা সেখানে তিনদিনের একক তৈরি পোশাক মেলার আয়োজন করব।

বিকেএমইএ সূত্র জানায়, জার্মানির উন্নয়নশীল এজেন্সি জিটিজেড এর আর্থিক সহযোগিতায় জার্মানির হিলটন ডাসডেলড্রফ হোটেলে ৫ থেকে ৭ সেপ্টেম্বর এ মেলা অনুষ্ঠিত হবে।

দেশের ইতিহাসে এই প্রথমবারের মত তৈরি পোশাক রপ্তানি ওভেন রপ্তানিকে ছাড়িয়ে গেল।

ইপিবি’র পরিসংখ্যানে দেখা যায়, বর্তমান অর্থ বছরের জুলাই-এপ্রিল সময়ে তৈরি পোশাক রপ্তানি ৩২ দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩,০০৭ মিলিয়নে ডলারে দাঁড়িয়েছে।

এ খাত থেকে পরবর্তী অর্থ বছরেও সবচে বেশি বিদেশি মুদ্রা অর্জন হবে বলে বিকেএমইএ সভাপতি আশাবাদী।

একজন জার্মানিভিত্তিক তৈরি পোশাক রপ্তানিকারক বলেন, আমরা যদি জার্মান ক্রেতাদের সাথে আরো নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করতে পারি তাহলে আমরা জার্মানির তৈরি পোশাক বাজারে বড় ধরনের ভাগ বসাতে পারব।

তিনি বলেন, একক নিটওয়্যার মেলা জার্মান বাজারে আমাদের সে সুযোগটা তৈরি করে দেবে।

রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ জার্মানিতেই সবচে বেশি তৈরি পোশাক রপ্তানি করে থাকে। দেশের মোট রপ্তানির ২৫ শতাংশই জার্মানিতেই হয়ে থাকে।

ইপবি’র পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছর ধরে জার্মানিতে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২০০২-০৩ অর্থবছরে এর পরিমান ছিলো ৩২৪ মিলিয়ন মার্কিন ডলার যা ২০০৪-০৫ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৬৬৯ মিলিয়ন মার্কিন ডলারে।