২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাম নিয়ে নেগোসিয়েশনের সুযোগ আছে: টাটা

ভারতের নেতৃস্থানীয় শিল্প সংস্থা টাটা গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া কিংবা ডলারে গ্যাসের দাম পরিশোধ নিয়ে সরকারের সাথে আরও নেগোসিয়েশনের সুযোগ আছে বলে মত প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সোমবার টাটা স্টিলের উপ ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ত্রিদিবেশ মুখার্জি জামসেদপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।

তিনি বলেন, আমরা সর্বশেষ প্রস্তাব দেওয়ার পর সরকারের কাছ থেকে এখনো কোনো সাড়া পাইনি। তবে সরকারের পক্ষ থেকে দাম নিয়ে এই ধরনের প্রশ্ন আসলে আলোচনার সুযোগতো অবশ্যই আছে।

তিনি মনে করেন, টাটার বিনিয়োগের ব্যাপারে বাংলাদেশ সরকার আগামী নির্বাচনের আগেই ইতিবাচক সিদ্ধান্ত জানাবে। বাংলাদেশের রাজনীতিবিদ এবং সরকারের মন্ত্রীদের সাথে তার বিভিন্ন সময়ের আলোচনার কথা উল্লেখ করে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বিনিয়োগ প্রশ্নে কারো পক্ষেই দীর্ঘ সময় বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশে আমরা নতুন করে বিনিয়োগের প্রস্তাব দিয়েছি। এটার জন্যতো আর অন্য প্রকল্প হাতে নেয়া থেকে বসে থাকলে চলবে না। বিলম্বিত সিদ্ধান্ত হলে হয়তো তখন টাটার এই প্রকল্পে বিনিয়োগ সামর্থ নাও থাকতে পারে।

ডাঃ টি মুখার্জি বলেন, টাটার এই বিনিয়োগ থেকে কোনোভাবেই বাংলাদেশের স্টিল খাতের কোনো ধরণের ক্ষতি হবে না। বিষয়টি টাটার পক্ষ থেকে দফায় দফায় বাংলাদেশের বাণিজ্যিক নেতাদের কাছে তুলে ধরা হয়েছে।

এর আগে তিনি টাটার জামসেদপুরের কর্পোরেট সেন্টারে বাংলাদেশের প্রকল্প অফিস উদ্বোধন করেন।