সাভার ডিইপিজেডে আবারও শ্রমিক অসন্তোষ, ইয়াংওয়ান ফ্যাক্টরির শ্রমিকদের উপর পুলিশি হামলা, আহত ২০,
সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) কোরিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইয়াঙওয়ানে সোমবার আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
এসময় বিনা উস্কানিতে শ্রমিকদের উপর পুলিশ লাঠিচার্জে কমপক্ষে ২০ জন মহিলা শ্রমিক আহত হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সোমবার ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত কোরিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান ফ্যাক্টরির ডায়িং ও প্রিন্টিং ইউনিট ব্যতীত অন্যান্য ইউনিট বন্ধ ছিল। ওই ফ্যাক্টরির ওয়াইএইচটি এবং এসএসএল ইউনিট বন্ধ থাকার বিজ্ঞপ্তি গেটে দেখতে পেয়ে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়ে এবং পূর্ব ঘোষণা অনুযায়ী তারা সংঘটিত হয়ে ফ্যাক্টরির সামনে অবস্থান নেয়। এসময় কোন প্রকার উস্কানি ছাড়াই পুলিশ কারখানার মহিলা শ্রমিকদের উপর এলোপাথারি লাঠিচার্জ করে।
এসময় শ্রমিকদের একটি অংশ নবীনগর-কালিয়াকৈর সড়ক ও অপর একটি অংশ বেপজার কাস্টমস অফিসের গেটে গিয়ে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এসময় দুই ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।
এদিকে ডিইপিজেডের প্রধান গেটের সামনে সকাল সাড়ে ৯টার দিকে লেনী ফ্যাশন এর এক কর্মকর্তা প্রাইভেটকার যোগে দ্রুত ভেতরে প্রবেশের সময় শিল্পী আক্তার (২০) নামের ইয়াংওয়ানের এক মহিলা শ্রমিককে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা গাড়িটি ভাংচুর করে। এর একপর্যায়ে শ্রমিকরা গাড়িটিতে আগুন দিতে চেষ্টা করলে পুলিশের লাঠিচার্জে তা ছত্রভংগ হয়।
আহত শিল্পীকে বেপজা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হালিম (২৫) নামের বেপজার কাস্টমসে কর্মরত এক কর্মীকে পুলিশ লাঠি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয় এবং পুলিশ তাকে বেপজার হাসপাতালে ভর্তি হতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে বেপজার নির্বাহী চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের দাবি মেনে নিয়ে দ্রুত ফ্যাক্টরি খুলে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা ফিরে যায়।
এ-ওয়ান ও সফটেক্স ফ্যাক্টরি সোমবারেও বন্ধ ছিল।
