যশোর পৌরসভার ২৩ কোটি টাকার বাজেট ঘোষণা
দেশের অন্যতম প্রাচীন পৌরসভা যশোর পৌরসভার ২০০৬ - ২০০৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটের আকার ২২ কোটি ৭২ লাখ নয় হাজার ৭০ টাকা।
সোমবার পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একইসাথে ২০০৫ - ২০০৬ অর্থবছরের ১৪ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ৬৬৮ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়। পৌর চেয়ারম্যান এস এম কামরুজ্জামান চুন্নু বাজেট ঘোষণা করেন। এ সময় সকল কমিশনার এবং পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম শ্রেণীর এ পৌরসভার ঘোষিত বাজেটে রাজস্ব খাত থেকে সাত কোটি ২৮ লাখ ২ হাজার ৪৮৬ টাকা, উন্নয়ন খাত থেকে ১৪ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা আয় দেখানো হয়েছে। ব্যয় হবে রাজস্ব খাতে সাত কোটি ৮৩ লাখ ১২ হাজার ৩২২ টাকা এবং উন্নয়ন খাতে ১৩ কোটি ৪৭ লাখ ৫০০ টাকা।
পৌর চেয়ারম্যান জানান, ঘোষিত বাজেটে আয়ের প্রধান উৎসগুলো হলো গৃহ ও ভূমিকর বাবদ প্রায় ৫৬ লাখ, স্থাবর সম্পত্তি হস্তান্তর বাবদ ৫০ লাখ, পানি সরবরাহ বাবদ প্রায় এক কোটি ৯২ লাখ, ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন ইত্যাদি বাবদ প্রায় ৩৫ লাখ, যানবাহন কর বাবদ ১২ লাখ, আলোকসজ্জা বাবদ প্রায় ২৪ লাখ, কনজারভেন্সি ট্যাক্স বাবদ প্রায় ৫৬ লাখ, হাট বাজার ইজারা বাবদ ৩৫ লাখ, কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে টোল বাবদ ৪৫ লাখ, রোড রোলার ও মিকচার মেশিন ভাড়া বাবদ ১০ লাখ, দরপত্র বিক্রি বাবদ ৩০ লাখ, বৈদ্যুতিক খুঁটির ভাড়া বাবদ ২০ লাখ, স্কুল ফিস বাবদ ১০ লাখ টাকা।
সরকারি ও অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থা থেকে যে সব ক্ষেত্রে অনুদান পাওয়ার আশা করা হয়েছে তা হলো, সরকারি সহায়তা মঞ্জুরি এক কোটি, সরকারি বিশেষ বরাদ্দ এক কোটি, উন্নয়ন খাত ছাড়া সরকারি অনুদান ১০ লাখ, বিএমডিএফ প্রকল্প থেকে সাত কোটি, বাণিজ্যিক ভবন নির্মাণ বাবদ দুই কোটি, অফিস ভবন নির্মাণ বাবদ ৬০ লাখ, শিশু পার্ক নির্মাণ বাবদ ৭০ লাখ, কর্মচারী স্টাফ কোয়ার্টার নির্মাণ বাবদ ৬০ লাখ, শহর বস্তি উন্নয়ন বাবদ ইউনিসেফের কাছ থেকে ২৫ লাখ টাকা।
সম্ভাব্য প্রধান ব্যয়ের খাতগুলো হলো কর্মচারীদের বেতন-ভাতা প্রায় এক কোটি ৫৬ লাখ, আনুতোষিক তহবিল স্থানান্তর ২৫ লাখ, ভবিষ্যৎ তহবিলে স্থানান্তর ২৫ লাখ, বিদ্যুৎ বিল ৪০ লাখ, কেন্দ্রীয় বাসটার্মিনাল রক্ষণাবেক্ষণ বাবদ প্রায় ৩২ লাখ, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রায় ৮৩ লাখ, নর্দমা সংস্কার বাবদ ২৪ লাখ টাকা। এছাড়া রাস্তা, ব্রিজ/কালভার্ট, ড্রেন, ডাস্টবিন, পানির লাইন, অডিটোরিয়াম, স্টাফ কোয়ার্টার, বাণিজ্যিক ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ বাবদ প্রায় তিন কোটি ৭৫ লাখ টাকা ব্যয় হবে বলে ধরা হয়েছে।
