২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে নতুন করে শ্রমিক অসন্তোষ, ২টি প্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা

সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সহকর্মীদের জন্যে বন্ধ কারখানায় একটি ইউনিট খুলে দেবার দাবিতে ডিইপিজেডের অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইয়ংওয়ানের শ্রমিকরা রোববার কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। উত্তেজনাকর পরিস্তিতিতে প্রতিষ্ঠানের কর্মকর্তারা অফিস ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেলে শ্রমিকদের মধ্যে আরও উত্তেজনা বেড়ে যায়। এসময় বিডিআর, র্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বেপজার নিরাপত্তা কর্মীরা বিক্ষুব্ধ শ্রমিকদের বের করে দেয়।

এ ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে যোগযোগ করা হলে একাধিক কর্মকর্তা জানান, শ্রমিকদের উত্তেজনার প্রেক্ষিতে তারা নিরাপদ দূরত্বে চলে যান।

এদিকে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষিত এ-ওয়ান বিডি ও সফটেক্স খোলার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অপরদিকে কয়েকদিনের বন্ধ থাকার পর সদ্য চালু হওয়া অপর কোরিয় প্রতিষ্ঠান ইয়ংওয়ানের ওয়াই-সিক্স ফ্লোরের শ্রমিকরা কাজে যোগদিতে এসে ডিইপিজেডের বাইরে ইউনিট বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন। এ খবর কর্মরত শ্রমিকদের কাছে পৌঁছালে তারা বাকি পাঁচটি ফ্লোরের কাজ একযোগে বন্ধ করে সহকর্মীদের প্রতি একাত্মতা জানান। পরে শ্রমিকদের দাবির মুখে সৈয়দ মাসুদুল হাসানকে অব্যহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এ ব্যাপারে শ্রমিকরা অভিযোগ করে জানায়, কর্তৃপক্ষ তাদের সাথে অমানবিক আচরণ করেছে এবং যারা আন্দোলনে যুক্ত ছিলো তাদের কারখানা থেকে বিতারিত করতেই ইউনিট বন্ধ রাখা হয়েছে।

এপ্রসঙ্গে বেপজার মহা ব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান জানান, নিজেদের ব্যবস্থাপনাগত ত্র“টির কারণে ইয়ংওয়ানে এ ঘটনা ঘটেছে।

প্রতিষ্ঠানের মালিক বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কিহাক সাং এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ওই এলাকায় ব্যাপক পুলিশ, র্যাব ও বিডিআর মোতায়ন রয়েছে।