গার্মেন্টস শ্রমিকদের মজুরী বোর্ড কার্যালয় অবরোধ
ন্যুনতম মজুরী বোর্ডে সরকারের নিয়োগকৃত শ্রমিক প্রতিনিধি অবিলম্বে পরির্বতন এবং ৩০ শতাংশ অন্তবর্তীকালীন মহার্ঘ্য ভাতা দাবিতে রোববার গার্মেন্টস শ্রমিকরা মজুরী বোর্ড কার্যালয় ঘেরাও করে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন পুরানা পল্টনে বোর্ড কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে। এসময় শ্রমিক নেতারা বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।
অবরোধ কর্মসূচি চলাকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, সংগঠনের সভাপতি শাহিদা সরকার, কামরুন নাহার এবং মো. ফারুক বক্তব্য রাখেন।
সরকার ৩১ মে শ্রমিক প্রতিনিধি হিসেবে নাজমা আক্তারকে নিয়োগে দেন। পরবর্তী সময়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের দাবির প্রেক্ষিতে শ্রমমন্ত্রী আমানউল¬¬াহ আমান নাম প্রত্যাহার করে নতুন একজন প্রতিনিধির নাম পাঠাতে বলেন।
তারা বলেন, ‘১৬টি রেজিস্ট্রেশনকৃত জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের তিনজন প্রতিনিধির মধ্যে যে কোনো একজনকে নিয়োগ করতে পারেন। এ প্রথা সকল প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে মেনে চলা হয়েছে।’
শ্রমিক নেতারা সম্মিলিতভাবে তিন প্রতিনিধির নাম পাঠিয়েছে। অবশ্য এখন পর্যন্ত নতুন প্রতিনিধির নাম পরির্বতন করা হয়নি।
সূত্র জানায়, দুটি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে মে মাসের শেষদিকে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামে নাজমা আক্তার সরকারের থেকে রেজিস্ট্রেশন নেন।
