২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের পছন্দের যে কোনো সরকারের সাথে কাজ করতে বিশ্ব ব্যাংক প্রস্তুত: ওয়ালিক

বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন আই ওয়ালিক বলেছেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের জনগণের পছন্দকৃত যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

তিনি বলেন, ব্যাংক তহবিল প্রদাণ অব্যাহত রাখবে, এমকি অতীতের মত তত্ত্বাবধায়ক সরকার থাকাকালেও তারা তহবিল দেবে।   

সম্প্রতি ওয়ালিক বিডিনিউজের সাথে এক সাক্ষাৎকারে বলেন, অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নকে রাজনীতির উর্ধ্বে রাখা উচিত, রাজনীতি যেন এ বিষয়টিকে দখল করে না ফেলে।

তিনি বলেন, বিশ্ব ব্যাংক ‘কান্ট্রি অ্যাসিট্যান্স স্ট্যাট্রেজির’ (সিএএস) আলোকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিবর্তন করতে যাচ্ছে।

কাজের ক্ষেত্রে শৃঙ্খলা আনতে এবং সকল ঝুঁকি এড়াতে এডিবি, ডিএফআইডি ও জাপান সরকারের সহযোগিতায় সিএএস প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, বিশ্ব ব্যাংক সবসময় দেশের উন্নয়ন পরিকল্পনা কাঠামোর সাথে সিএএস প্রণয়ন করে থাকে।  এক্ষেত্রে বাংলাদেশে আমাদের নতুন পরিকল্পনা সরকার নিয়ন্ত্রিত উন্নয়ন পরিকল্পনা অর্থাৎ দারিদ্র নিরসন কৌশলপত্রের (পিআরএসপি)  সাথে সামঞ্জস্যপূর্ণ। 

ওয়ালিক বলেন, এদেশের জনগণ যে সরকারকেই পছন্দ করুক বিশ্ব ব্যাংক সে সরকারের সাথেই কাজ করতে তৈরি রয়েছে। ব্যাংকের সিএএস প্রণয়নে বর্তমান সরকারের সমর্থন অর্জনে আমরা যথেষ্ঠ কাজ করেছি।

বিশ্ব ব্যাংকের আবাসিক প্রধান বলেন, আমরা আগেই বলেছি, অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন এজেণ্ডা রাজনীতির উর্ধ্বে রাখা উচিত। সরকার অথবা দাতাদের অর্থায়নে যে কোনো সংস্কার ও উন্নয়ন কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা তহবিল দিয়েছি এবং এবারও তা করা হবে।