সাভার ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ: সংঘর্ষে ১০ পুলিশসহ আহত শতাধিক
সাভার ডিইপিজেডে রোববার পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষে ১০ পুলিশসহ শতাধিক আহত হয়েছে। এছাড়া বিক্ষুব্ধ শ্রমিকরা ব্যাপক গাড়ি ভাংচুর করে এবং চার ঘণ্টা ধরে নবীনগর Ñ কালিয়াকৈর সড়ক অবরোধ করে রাখে। গাজীপুরেও শ্রমিক ও মালিক পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়।
বিডিনিউজ সাভার প্রতিনিধি জানান, ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) চারটি গার্মেন্টেসের শ্রমিকরা রোববার সকাল আটটার দিকে কাজের জন্য কারখানায় গিয়ে মূল ফটকে তালা এবং বন্ধের নোটিস দেখে বিক্ষোভ শুরু করে। গার্মেন্টসগুলোর মধ্যে রয়েছে, এ ওয়ান, সফটটেক্স, গোল্ডটেক্স।
শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে বেপজার মহাব্যবস্থাপক এজেডএম আজিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছৈ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে ডিইপিজেডে টহলরত র্যাব ও পুলিশ সদস্যরা শ্রমিকদের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিলে তারা নবীনগর Ñ কালিয়াকৈর সড়কে এসে অবস্থান নেয় এবং যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ১৫ টি গাড়ি ভাংচুর করে। র্যাব, পুলিশ ও বিডিআর সদস্যরা ব্যাপক লাঠিচার্জ করে বিক্ষুব্ধ শ্রমিকদের আবারও ছত্রভঙ্গ করে দেয়। ছত্রভঙ্গ শ্রমিকরা দুটি দলে ভাগ হয়ে একটি অংশ সড়কের পল্লীবিদ্যুৎ এবং অপর অংশটি বালিভদ্র বাজারে অবস্থান নেয়। সড়কে যান চলাচল পুনরায় শুরু হলে অবস্থানকারীরা আবারও কমপক্ষে ১০ টি গাড়ি ভাংচুর করে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে শ্রমিকদের ১০/ ১২ জনকে পিটিয়ে গুরুতর আহত করে।
এদিকে বালিভদ্র বাজারে অবস্থানকারী বিক্ষুব্ধ শ্রমিকদের অংশটি আরও কমপক্ষে ১০ টি গাড়ি ভাংচুর করে। পুলিশ তাদের ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ইটের আঘাতে আশুলিয়া থানার ওসিসহ ১০ পুলিশ সদস্য আহত হন। আহতদের বেপজা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা বেগতিক দেখে পুলিশ, র্যাব, দাঙ্গা পুলিশ ও বিডিআর ব্যাপক লাঠিচার্জ শুরু করে। এতে কমপক্ষে ৯০ জন শ্রমিক আহত হয়।
পুলিশের লাঠিচার্জে আহতদের মধ্যে ইসমত আরা বেগম, মিনারা বেগম, নার্গিস আক্তার, তাসমিমা, রফিকুল, নুরুন্নবী, তাসলিমা সোনাই, জসিম ও দুলালের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের সাভারের বিভিন্ন ক্লিনিকে ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভারের বিরুলিয়া রোডে গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেডের আয়রনম্যান নজরুলকে শ্রমিক উত্তেজনা সৃষ্টির লক্ষে একই কারখানার অপর চার শ্রমিক মিলে বেধড়ক পিটিয়েছে বলে জানা গেছে।
এছাড়া আশুলিয়ার বাইপাইলে করিম সুপার মার্কেটের আলবারি ফ্যাশন এবং আলজিরা অ্যাপারেলসে বিক্ষুব্ধ শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এ ঘটনায় সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নবীনগর Ñ কালিয়াকৈর সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
বেপজা কার্যালয় সূত্র জানিয়েছে, ডিইপিজেডের ৮৪ টির মধ্যে ৮০ টি কারখানা চালু রয়েছে।
এদিকে বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের পাঁচটি গার্মেন্টসে রোববার শ্রমিকরা বিক্ষোভ করে। একাধিক কারখানায় মালিক পক্ষের লোকজন ও বিক্ষুব্ধ শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ১০ আহত হয়েছে।
সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে গাজীপুর সদরের নান্দুয়াইন এলাকার স্টাইলো ফ্যাশনে। এ কারখানার মালিক পক্ষের কর্মচারী ইমরানকে প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে দু দলের মধ্যে সংঘর্ষ দেখা দেয় এবং এতে ছয়জন আহত হয়।
