২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবি ও সরকারের মধ্যে গ্যাস খাতে ২৩০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত

দেশের প্রাকৃতিক গ্যাস সরবরাহ অবকাঠামো এবং বিতরণ প্রক্রিয়া উন্নয়নের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং সরকারের মধ্যে ২৩০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি রোববার স্বাক্ষরিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ঢাকায় শেরে বাংলা নগর ইআরডি কার্যালয়ে রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইআরডি সচিব ইসমাইল জাবিহউল্লাহ এবং এডিবি’র আবাসিক প্রতিনিধি হুয়া ডু নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

গ্যাস খাতে গৃহীত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪১৩ মিলিয়ন ডলার। এর মধ্যে এডিবি ঋণ সহায়তার আওতায় সরবরাহ করবে ২৩০ মিলিয়ন ডলার। এছাড়া নরওয়ে এই প্রকল্পের সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে ৫ মিলিয়ন ডলারের একটি অনুদান প্রদান করবে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকায় নরওয়ে দূতাবাসের কাউন্সেলর হেন্স পিটার মেলবি এবং ফার্স্ট সেক্রেটারি উইলহেল্ম উইগ উপস্থিত ছিলেন।

দেশের পশ্চিমাঞ্চলের স্বল্পোন্নত এলাকায় প্রতিদিন ৩৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্যে মোট ৩৫৩ কিমি দৈর্ঘের গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন নির্মাণে এডিবি’র পরিচালনা পরিষদ ২০০৫ সালের অক্টোবরে গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (জিটিডিপি) নামের এ প্রকল্পটিতে অনুমোদন দেয়।