২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ন্যাশনাল ফ্যান ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ; অবরোধ, বিক্ষোভ

চাকরি স্থায়ীকরণ, বেতন ভাতা বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে শনিবার টঙ্গীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত ন্যাশনাল ফ্যান কারখানার শ্রমিকরা দিনভর বিক্ষোভ করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

আন্দোলনকারীরা কারখানার মূল ফটকে ব্যারিকেড দিয়ে ফ্যাক্টরির ভিতরে কাউকে ঢুকতে দেয়নি। পরে পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষের সাথে বৈঠকের আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, ন্যাশনাল ফ্যান ফ্যাক্টরির নয় শতাধিক শ্রমিক - কর্মচারির মধ্যে ১৭ জন ছাড়া সকলের চাকরি অস্থায়ী। এ অবস্থায় তারা চাকরি স্থায়ীকরণ, ন্যুনতম মাসিক বেতন তিন হাজার টাকা, নতুন শ্রমিকদের হাজিরা ন্যুনতম ৬০ টাকাসহ ১২ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও মালিকপক্ষ তাদের দাবি মানেনি।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকরা ফ্যাক্টরিতে এলেও কাজে যোগ না দিয়ে মূল গেটে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করে। দুপুর ১টা পর্যন্ত এ অচলাবস্থা চলে। পরে দুপুর ২ টার দিকে প্রশাসন তাদের দাবি দাওয়া নিয়ে মালিক পক্ষের সাথে বৈঠকের আশ্বাস দিলে শ্রমিকরা ব্যারিকেড তুলে নেয়।