১১ মাসে মিল্ক ভিটার নিট মুনাফা ৬ কোটি ১৬ লাখ টাকা
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন (মিল্ক ভিটা) চলতি ২০০৫ - ০৬ অর্থবছরের ১১ মাসে ছয় কোটি ১৬ লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে।
বছর শেষে এ মুনাফা ছয় কোটি ৬০ লাখ টাকায় দাঁড়াবে বলে শনিবার অনুষ্ঠিত সরকারি ও বেসরকারি মালিকানার এ সংস্থাটির ২৯তম বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করা হয়েছে।
এতে বলা হয়, লক্ষ্যমাত্রা অর্জিত হলে নিট মুনাফার পরিমান বিগত অর্থবছরের চেয়ে প্রায় তিন লাখ টাকা বেশি হবে।
সভায় জানানো হয়, মিল্ক ভিটা চলতি অর্থবছরে এক হাজার ৩২৩টি প্রান্তিক সমিতির মাধ্যমে মোট সাত কোটি ৪৫ লাখ ১৭ হাজার ২০৬ লিটার দুধ সংগ্রহ করেছে। এর মধ্যে পাস্তুরিত আকারে পাঁচ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ২২০ লিটার তরল দুধ বিক্রি করেছে।
এছাড়াও এসব দুধ থেকে ফুলক্রিম গুঁড়ো দুধ, ননীবিহীন গুঁড়োদুধ, ফ্লেভার্ড প্যাকেট দুধ, মাখন, ঘি, আইসক্রিম, চকোবার এবং মিষ্টি দই তৈরি করে বাজারজাত করা হয়েছে।
এতে আরো জানানো হয়, আগামী ২০০৬ - ০৭ অর্থবছরের জন্য রাজস্ব খাতে ৩৬৫ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার টাকার আয় এবং ৩৫২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ফলে উদ্বৃত্তের পরিমান দাঁড়াবে প্রায় ১২ কোটি ৪৩ হাজার টাকা।
প্রস্তাবিত বাজেটে দুধের মূল্য বৃদ্ধির জন্য প্রায় আট কোটি ৭০ লাখ টাকার অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে মিল্ক ভিটার প্রধান কার্যালয় চত্বরে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া।
এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সাংসদ কেএম আনোয়ারুল ইসলাম, সমবায় বিভাগের সচিব রফিকুল ইসলাম, নিবন্ধণ পরিদপ্তরের নিবন্ধক শেখ আলতাফ আলী, মিল্ক ভিটার পরিচালক আব্দুল মালেক, খলিলুর রহমান সরকার এবং প্রান্তিক দুগ্ধ চাষী সমিতির সভাপতি আজাদ রহমান।
পরে শ্রেষ্ঠ দুগ্ধ চাষীদের মধ্যে পুরস্কার হিসেবে বিভিন্ন অংকের চেক বিতরণ করা হয়।
সভায় প্রান্তিক চাষীদের পক্ষ থেকে দুধের মূল্য বৃদ্ধি, গাভীর খাদ্য সংকট নিরসনের গো - খাদ্য কারখানা স্থাপন এবং মিল্ক ভিটার দুগ্ধ সরবরাহকারী চাষী সমিতিগুলোকে দেড় টাকা হারে সম্পূরক মূল্য দেওয়ার দাবি জানানো হয়।
স্থানীয় সরকার মন্ত্রী চাষীদের সমস্যাগুলো শোনেন এবং সমাধানে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
