২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে সব্জি ও আমদানিকৃত সকল পণ্যের দর বেড়েছে

প্রস্তাবিত বাজেটে কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে পাঁচ শতাংশ কর কমানোর কথা বলা হলেও শাকসবজির বাজারসহ আমদানীকৃত দ্রব্যর মূল্য বৃদ্ধি অব্যহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

আমদানীকৃত রসুন গত সপ্তাহে কেজিপ্রতি ১২০ টাকা দরে বিক্রি হলেও এ সপ্তাহে তা ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং দেশীয় রসুন প্রতিকেজি ১১০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে, যা গত সপ্তায় ছিল ৯০ টাকা।

“এই সপ্তাহে প্রতি কেজি ছোলা ডাল ৪৫ টাকা, মুগ ডাল ৬৮-৭০ টাকা এবং মসুর ডাল ৫৮ টাকায় বিক্রী হচ্ছে যা গত সপ্তাহে ছিলো যথাক্রমে ৪২ টাকা, ৬২ টাকা ও ৫৪-৫৫ টাকা।”, রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ী আবদুল মান্নান এ কথা জানান।

সবজি বাজারে বেগুন, টমেটো, ঢেড়স, পটল, শসা ও বিভিন্ন ধরনের শাকের দাম বেড়েছে।

এ সপ্তায় এক টাকা বাড়িয়ে আলু ১৬ টাকায় বিক্রি হচ্ছে। শসা, বেগুন ও ক্ষিরই যথাক্রমে ২৪ টাকা, ২৮ টাকা ও ৩০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তায় এসব সব্জির দামই ছিলো কেজিপ্রতি ২০ টাকা।

বাজেটে প্রতি মেট্রিকটন চিনির জন্যে পাঁচ হাজার টাকা আমদানি শুল্ক নির্ধারণ করার প্রস্তাবের পর চিনির দাম কমে বর্তমানে প্রতি কেজি ৪৬-৪৭ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে, আটা-ময়দা, মাছ ও মুরগির দাম বৃদ্ধি পেয়েছে, তবে ডিম, শিম, ভোজ্য তেল ও মাংশের দাম অপরিবর্তীত রয়েছে।

চালের বাজারের ব্যবসায়ীরা জানায়, ভাল মানের নাজিরশাইল চালের দাম ২৬ টাকা এবং নিুমানের চাল ২৩-২৪ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে যথাক্রমে ২৫ টাকা ও ২৩ টাকায় বিক্রি হয়।

ব্রয়লার ও দেশি মুরগির দামও আরেক দফা বেড়েছে। সাদা ব্রয়লার ও লাল ব্রয়লার মুরগি ৭৫ থেকে ৯০ টাকার মধ্যে এবং দেশি মুরগি ১৪০ টাকা থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ভরা মওসুম চললেও ইলিশ মাছের দামে কোনও পরিবর্তন হয় নি। মাঝারি আকারের ইলিশ মাছ ২৫০--৩০০ টাকা এবং একটি বড় আকারের ইলিশ মাছ ৫০০--৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

রুই, কাতলা, পাঙ্গাস, কালিবাওস, চিংড়ি ও মাগুরসহ অন্যান্য মাছের দাম চড়া। ছোট আকারের রুই মাছ প্রতিকেজি ১২০--১৫০ টাকা, বড় আকারের রুই মাছ প্রতি কেজি ২০০--২৫০ টাকা, কাতলা মাছ প্রতি কেজি ৯০--১২০ টাকা, পাঙ্গাস মাছ প্রতিকেজি ১৩০ টাকা, কালিবাওস ১৪০--১৫০ টাকা, চিংড়ি ১৪০--২৫০ টাকা, শলা চিংড়ি ৬৫০ টাকা, শিং ৩০০--৪০০ টাকা এবং মাগুর ৩০০--৩৫০ টাকা কেজি প্রতি বিক্রী করা হচ্ছে।

এক কেজি গরুর মাংস ১৪০--১৫০ টাকা ও এক কেজি খাসির মাংশ ২৩০--২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।