২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্বায়ত্তশাষিত কর্পোরেশনের কাছে ১৩ টি বাণিজ্যিক ব্যাংকের পাওনা ১৪৬ বিলিয়ন টাকা

বিভিন্ন স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্রায়ত ও বেসরকারিসহ ১৩ টি বাণিজ্যিক ব্যাংকের মোট পাওনার পরিমাণ ১৪ হাজার ৬’শ ৪ কোটি ৮৫ লাখ (১৪৬ বিলিয়ন) টাকা। যারমধ্যে ৯’শ ৭০ কোটি ৩৬ লাখ টাকা মেয়াদোত্তীর্ণ ঋণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এরমধ্যে সোনালী ব্যাংকের সর্বোচ্চ পাওনা ৮ হাজার ২’শ ৪৩ কোটি ৫৬ লাখ টাকা। এরপর যথাক্রমে রয়েছে জনতা ব্যাংক ৩ হাজার ২’শ ৬১ কোটি ৮ লাখ টাকা, অগ্রণী ব্যাংক ১ হাজার ৫’শ ৫৯ কোটি ২ লাখ টাকা, রুপালী ব্যাংক ১ হাজার ২’শ ৭৭ কোটি ৮৭ লাখ টাকা এবং পূবালী ব্যাংক ১’শ ২৫ কোটি ৪৫ লাখ টাকা।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য তুলে ধরেন।

খেলাপী কর্পোরেশনগুলোর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), বাংলাদেশ চটকল (পাট) কর্পোরেশন, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ কর্পোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ইত্যাদি।

এই প্রতিষ্ঠানগুলোর কাছে প্রাইম ব্যাংক, স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, বেসিক ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের পাওনার পরিমাণ ১’শ ১৫ কোটি টাকা।

বিপিসি ৮ হাজার ১’শ ৩২ কোটি টাকার পাওনা নিয়ে তালিকার শীর্ষে এবং ২ হাজার ৮’শ ৭৩ কোটি টাকার পাওনা নিয়ে এর পরের স্থানে রয়েছে বাংলাদেশ চটকল কর্পোরেশন ।

অর্থমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলো এ বিষয়ে ওই প্রতিষ্ঠানগুলোর সাথে ঘনিষ্ট যোগাযোগ রাখছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোও খেলাপী ঋণ ঘাটতি কাটিয়ে উঠতে ব্যাংকগুলোকে সহযোগিতা করছে।

বিএনপি দলীয় সাংসদ মঞ্জুর কাদেরের এক প্রশ্নের জবাবে সাইফুর রহমান বলেন, কিছু মামলায় ব্যাংকগুলো সফল হয়েছে এবং খেলাপী ঋণ আদায়ে বেশ কিছূ মামলা দায়েরও করা হয়েছে।

যদিও ব্যাংকগুলো অভিযোগ করেছে, বিভিন্ন স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমাণ পাওনা আদায়ে সরকার তাদের যথাযথভাবে সহায়তা করছে না।

একটি রাষ্ট্রায়ত ব্যাংকের একজন কর্মকর্তা বুধবার বিডিনিউজকে বলেন, বাংলাদেশ চটকল কর্পোরেশনের কাছে আমাদের প্রায় ৭’শ কোটি টাকা পাওনা রয়েছে, যা দীর্ঘ সময় অপরিশোধ অবস্থায় রয়েছে। কিন্তু এই ঋণ পরিশোধে কর্পোরেশনকে খুবই কম গুরুত্ব দিতে দেখা গেছে।