গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো স্কপের সাথে ত্রিপক্ষীয় চুক্তি প্রত্যাখান করেছে
গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো সরকার, মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে হওয়া মঙ্গলবারের ত্রিপক্ষীয় চুক্তি প্রত্যাখান করেছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে তাদের সাথে চুক্তি না হলে তারা নতুন করে ধর্মঘট আহ্বান করবে বলে হুমকি দিয়েছে।
জাতীয় গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরুল হক আমিন বিডিনিউজকে বলেন, গার্মেন্টস শ্রমিকদের প্রতিনিধিত্ব ছাড়াই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমাদেরকেও ওই চুক্তির বাইরে রাখা হয়েছে।
তিনি বলেন, গার্মেন্টস পরিস্থিতি নিয়ে এর আগের তিনটি বৈঠকে আমরা ছিলাম। ৪ জুনের বৈঠকে সিদ্ধান্ত হয়, চুক্তির সময় গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোকে রাখা হবে।
তিনি আরো বলেন, কিন্তু ১২ জুনের চুক্তি স্বাক্ষরের সময় আমাদের ডাকা হয়নি।
তিনি এবং ১৬টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নতুন করে ত্রিপক্ষীয় চুক্তির দাবি জানিয়েছে অন্যথায় তারা ধর্মঘট দেওয়ার হুমকি দিয়েছে।
এর আগে গার্মেন্টস শিল্প খাতের পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে ন্যূনতম মজুরিসহ শ্রমিক অধিকার নিশ্চিত করতে সোমবার সরকার, মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সরকার পক্ষে স্মারকে সাক্ষর করে আমান উল¬াহ আমান। অন্যদিকে বিজিএমইএ’র পক্ষে সাক্ষরকারীরা হলেন- বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী, সাবেক সভাপতি আনিসুল হক, পরবর্তী সভাপতি এসএম ফজলুল হক, সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং শাহদত হোসেন চৌধুরী, বিকেএমইএ সভাপতি ফজলুল হক এবং মালিক পক্ষে এর পরিচালক এমএ বাসেত।
শ্রমিক নেতাদের মধ্যে সমঝোতা স্মারকে সাক্ষর করেন- শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়ক ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, শ্রমিক লীগের রায় রমেশ চন্দ্র এবং শাহজাহান খান এমপি, শ্রমিক দলের জাফরুল হাসান, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মো. নুরুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের শফিকুর রহমান মজুমদার, বাংলাদেশ শ্রমিক জোটের আব্দুল কাদের হাওলাদার, জাতীয় শ্রমিক ফেডারেশেনের সাইফুদ্দিন আহমেদ, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের মোখলেসুর রহমান, জাতীয় শ্রমিক জোটের মেহজবাহউদ্দিন আহমেদ, ট্রেড ইউনিয়ন সংঘের আশিকুল আলম চৌধুরী এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আবদুল¬াহ সরকার।
