২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ডিইপিজেডে শ্রমিক অসন্তোষ: সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৮

সাভারের ডিইপিজেডে একটি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানায় মঙ্গলবার ভোরে আবারো শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের সাথে শ্রমিকদের সংঘর্ষে আহত হয়েছে অন্ততঃ ১৫ জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এসময় শ্রমিকরা ধাওয়া করে অস্ত্রসহ পাঁচ বহিরাগতকে আটক করে। পরে র‌্যাব সদস্যরা তাদের উদ্ধার করে আশুলিয়া থানায় সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি চাপাতি ও কয়েকটি লোহার রড উদ্ধার করে।

রিড পয়েন্ট ফ্যাক্টরির শ্রমিক মসিউর রহমান জানান, হরতালের কারণে সোমবার এ কারখানায় রাতের শিফটে কাজ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। রাতের ওই শিফটের টাকা রাতেই পরিশোধ করা হবে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিলে শ্রমিকরা কাজে যোগ দেয়।

বেতন দেওয়ার সময় কোনো শ্রমিক যাতে কথা বলতে না পারে এজন্য ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি মোকলেছ ও রিড পয়েন্ট গার্মেন্টস ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার পিটারসি ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ফ্যাক্টরির মূল ফটেকে অবস্থান নেয়। 

বেতন দেওয়ার সময় কোনো ঝামেলা না হলেও ফ্যাক্টরির বাইরে সন্ত্রাসীদের দেখে দুইজন শ্রমিক সোহেল ও সাত্তার তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা এখানে কি করেন?

একথা জিজ্ঞেস করার সাথে সাথেই সন্ত্রাসীরা ওই দুজনকে আহত করে।

এক পর্যায়ে তারা ছুটে ফ্যাক্টরির ভিতরে ঢুকলে সন্ত্রাসীরাও তাদের পিছু নেয়। এসময় ফ্যাক্টরির অন্য শ্রমিকরা দুজন সন্ত্রাসীকে ধরে ফেলে।

পরে কিছু শ্রমিক বাইরে বেরিয়ে আসলে শ্রমিকদের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এতে ১০জন শ্রমিক আহত হয়। শ্রমিকরা পরে আরো তিন সন্ত্রাসীকে ধরে গণধোলাই দিয়ে ফ্যাক্টরি গেটের সামনে ফেলে রাখে। পরে আরো তিনজনকে আটক করা হয়। খবর পেয়ে র‌্যাব এসে তাদের উদ্ধার করে আশুলিয়া থানায় সোপর্দ করে।

এদিকে মঙ্গলবার সকালে হুপলোন গার্মেন্টসে ডলারের মানে বেতন দেওয়ায় গত মাসের বেতনের তুলনায় চলতি মাসে ২/৩শ টাকা কমে যায়। এর ফলে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাড়িতে চলে যায়। এ অবস্থায় হুপলোন কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।