চীনের কুনমিং মেলায় সাড়া জাগিয়েছে বাংলাদেশী হস্তশিল্প
চীনের কুনমিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে কুনমিং আমদানি রপ্তানি পণ্যমেলা। বাংলাদেশী অংশগ্রহণকারীরা এ মেলায় ক্রেতাদের কাছ থেকে তাৎক্ষণিক ও সম্ভাব্য অর্ডার মিলিয়ে মোট এক কোটি ৭০ লাখ টাকার অর্ডার পেয়েছে।
বাংলাদেশের সাতটি কোম্পানি এ মেলায় অংশ নেয়। এগুলো হচ্ছে উহাইনাই হ্যান্ডিক্র্যাফট, অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের উন্নয়ন, সিউস ক্র্যাফটস, হেয়ার লাইফ ইন্টারন্যাশনাল, ম্যাজিক একাডেমী, বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতি এবং সালমা বুটিক।
কুনমিংয়ে ১৯৯৩ সাল থেকে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর বিশ্বের ৪০টি দেশের প্রায় পাঁচ হাজার ক্রেতা মেলায় অংশ নেন।
কুনমিং মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে হস্তশিল্প, হস্তচালিত তাঁতবস্ত্র, চুল বাঁধাই ও বুটিক সামগ্রী, শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়াসহ বিভিন্ন তৈরি পোশাক ধাতুর আসবাবপত্র এবং গিফট আইটেম প্রদর্শন করা হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ - পরিচালক সুপ্রিয় কুমার কুণ্ডু বলেন, কুনমিং মেলায় অংশ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ চীনের সাথে তার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।
