২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৬ কোটি টাকার বাজেট সিন্ডিকেটে অনুমোদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ অর্থ বছরের জন্য ১২৬ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। গত বছরের তুলনায় এ বরাদ্দ ১৬ দশমিক ৫২ শতাংশ বেশী। বাজেটটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম ভারসাম্যপূর্ণ বাজেট বলে কর্তৃপক্ষ দাবি করেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় শনিবার বাজেট প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

সূত্র জানায়, ২৭ ও ২৮ জুন বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে এ বাজেট পাশ করা হবে।

এ অর্থ বছরেই ফিন্যান্সিয়াল স্ট্যাটিউটস (আর্থিক সংবিধি) প্রকাশ করা হবে বলে কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানান।

তিনি আরো জানান, এটি ১৪তম সংবিধি এবং আর্থিক প্রথম সংবিধি। এ সংবিধি আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, জবাবদিহিতা নিশ্চিত করা, আর্থিক স্বচ্ছতা বজায় রাখা এবং অপচয় রোধ করার জন্য প্রণয়ন করা হবে। সিন্ডিকেট এ আর্থিক সংবিধির ব্যপারে সিনেটে সুপারিশ করার পর তা পাশ হবে।

বাজেটে কোন ঘাটতি রাখা হয়নি বিধায় কর্তৃপক্ষ এটিকে প্রথম ভারসাম্যপূর্ণ বাজেট বলে দাবি করে।

২০০৫--০৬ অর্থবছরের বাজেট ছিলো ১০৮ কোটি ১৩ লক্ষ টাকার। বিশ্ববিদ্যালয়ের মোট আয় ছিলো ১০৭ কোটি ৮৮ লক্ষ টাকা। ফলে ঘাটতি থাকে এক কোটি ৫০ লক্ষ টাকা। তবে, সূত্র জানায় ওই বছরের সংশোধিত বাজেটে অপচয় বন্ধ ও প্রয়োজন নেই এমন খরচ স্থগিত রেখে ২ কোটি ৮৪ লক্ষ টাকার ঘাটতি কমানো হয়।

২০০৬--০৭ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ১১৪ কোটি টাকার বরাদ্দ দেবে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১২ কোটি টাকাসহ মোট ব্যয় দেখানো হয়েছে ১২৬ কোটি টাকা।

প্রস্তাবিত ২০০৬--০৭ অর্থবছরের বাজেটের একটি বড় অংশ ব্যয় করা হবে বেতন-ভাতা, বাড়ী-ভাড়া,পেনশন ইত্যাদি খাতে। এ অর্থের পরিমাণ ১০৫ কোটি ৪৮ লাখ টাকা। যা প্রস্তাবিত মোট বাজেটের প্রায় ৮৩ দশমিক ৭১ শতাংশ এবং গত বছরের তুলনায় ১৬ কোটি ৩৩ লাখ টাকা বেশি। নতুন পে--স্কেল চালু হওয়ায় এ বেশি হয়েছে বলে সূত্র জানায়।

শিক্ষা সহায়ক খাতে এবার বরাদ্দ দেয়া হয়েছে মোট বাজেটের ৬ শতাংশ। প্রস্তাবিত বাজেটে শিক্ষা সহায়ক খাতে গতবারের তুলনায় ১ কোটি ৪৫ লক্ষ ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। এতে গবেষণা খাতে ২৮ লাখ ১৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষকদের জন্য প্রস্তাবিত বাজেটে ৬৫ লাখ টাকার গবেষণা ভাতা থাকবে বলে জানা যায়। শিক্ষক প্রশিক্ষণের জন্য প্রস্তাবিত বাজেটে ধরা হয়েছে ৬ লাখ টাকা। যা গতবারের তুলনায় ২ লাখ টাকা বেশি। প্রস্তাবিত বাজেটে প্রকাশনা ও জার্নালের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকা বাড়ানো হয়েছে। ছাত্রদের সুযোগ-সুবিধার জন্য ১৪ লক্ষ ৯০ হাজার টাকা বৃদ্ধি করা হবে। এছাড়া সেমিনার, কনফারেন্স এবং ক্যামিকেলস ও যন্ত্রপাতির জন্য বরাদ্দ বাড়ানো হবে ৩৩ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া, ২০০৬--০৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যবীমা ও চিকিৎসা খাতে ১২ লাখ ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে। 

এছাড়া বিভাগীয় চেয়ারম্যানের আপ্যায়ন খাতে ২ লাখ ১৯ হাজার ৬০০ টাকা বাড়ানোর এবং উপাচার্যের আপ্যায়ন খাতে ২ লাখ টাকা কমিয়ে ১০ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

আনুসঙ্গিক খাতের ব্যায় ২ লাখ  ৮৫ হাজার টাকা বাড়ানো হয়েছে।