চাঁদাবাজি বন্ধ না হলে শুল্ক ও কর কমিয়ে লাভ নেই
পরিবহন খাত ও বাজারে চাঁদাবাজি বন্ধ না করে শুল্ক ও কর কমিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর ক্ষেত্রে কোনও সুফল পাওয়া যাবে না বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন বিডিনিউজকে বলেন, এই দুটি খাতে সন্ত্রাসের সংস্কৃতি প্রতিষ্ঠা লাভ করেছে।
তিনি বলেন, সন্ত্রাসের এ সংস্কৃতির অবসান না হলে দ্রব্যমূল্যের ওপর কোনও ইতিবাচক প্রভাব পড়বে না।
এফবিসিসিআই শনিবার ২০০৬--০৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডাল, পেঁয়াজ, তেল, পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, লবণ, গুঁড়ো দুধ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর সুনির্দিষ্ট কর আরোপ করে দাম জনগণের নাগালের মধ্যে রাখার আহ্বান জানায়।
প্রতি মেট্রিক টন চিনির ওপর পাঁচ হাজার টাকা সুনির্দিষ্ট কর আরোপ করায় এফবিসিসিআই অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।
মীর নাসির বলেন, ডাল, পেঁয়াজ, তেল, পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, লবণ, গুঁড়ো দুধ ইত্যাদি পণ্যের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেয়া দরকার।
সরকার ৪৩ দশমিক ৭৫ শতাংশ কর আরোপের পরিবর্তে চিনির ক্ষেত্রে প্রতি মেট্রিক টনে পাঁচ হাজার টাকা করে সুনির্দিষ্ট কর আরোপ করেছে। বাজেটে বলা হয়, এর ফলে চিনির দাম প্রতি মেট্রিক টন ছয় হাজার টাকায় নেমে আসবে।
অপরাধের বিস্তার ছাড়াও মীর নাসির সর্বক্ষেত্রে প্রতিশ্র“তির অভাবের বিষয়টিকেও তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য দায়ী করেন।
তিনি বলেন, সন্ত্রাস বাজার ও পরিবহন খাতকে করায়ত্ব করে ফেলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারওয়ান বাজারের কয়েকজন ব্যবসায়ী বিডিনিউজকে জানান, বিভিন্ন বাজার সমিতি ও পুলিশ টোল আদায়ের ভাগ পেয়ে থাকে এবং এতে করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেল মূল্যের ওপর প্রভাব পড়ে।
এফবিসিসিআই সভাপতি বলেন, খোলা বাজার নীতির কারণে কিছু ব্যবসায়ী দাম বাড়িয়ে ক্যাশ হাতিয়ে নেয়ার চেষ্টা করে থাকেন। কিন্তু সরকারের উচিত পর্যবেক্ষণের মাধ্যমে খোলা বাজারের নামে এসব চলতে না দেওয়া।
