বিজিএমইএ’র সঙ্গে সমঝোতা ভেস্তে গেছে, সোমবার সারাদেশে গার্মেন্টস ধর্মঘট: সাভার, গাজীপুর ও টঙ্গীতে আবারো বিক্ষোভ, আহত ৪০ জন
ন্যায্য মজুরীর প্রশ্নে গার্মেন্টস শ্রমিক জোটের সঙ্গে শনিবার মালিক পক্ষ বিজিএমইএ’র সমঝোতা না হওয়ায় শ্রমিক নেতারা সোমবার সারাদেশে পোষাক শিল্পখাতে সর্বাতœক ধর্মঘট আহ্বান করেছে।
এদিকে বিভিন্ন দাবি -- দাওয়া নিয়ে শনিবার সকালে আবারো সাভার, গাজীপুর ও টঙ্গীতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের এবং দুদল শ্রমিকের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন আহত হয়। সংঘর্ষের সময় নবীনগর -- কালিয়াকৈর মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে।
এর আগে গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মূল মজুরী তিন হাজার টাকা ধার্য, কর্মস্থলে নিরাপত্তা, বাধ্যতামূলক সাপ্তাহিক ছুটি প্রদান, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার দেওয়াসহ পাঁচ দফা দাবিতে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ ১২ জুন সোমবার দেশব্যাপী পোষাক শিল্পখাতে ধর্মঘট আহ্বান করে।
এ বিষয়ে সমঝোতার জন্য শনিবার বিজিএমইএ ও শ্রমিক জোট এক বৈঠকে বসে। বৈঠক সূত্র জানায়, শ্রমিক জোট দাবি করে সরকারের জাতীয় মজুরী বোর্ড গার্মেন্টস শ্রমিকদের জন্য যতদিন নূন্যতম জাতীয় মজুরী নির্ধারণ না করে, ততদিন বিজিএমইএ যেনো শ্রমিকদের অন্তত তিন হাজার টাকা নূন্যতম মজুরী ও মহার্ঘ ভাতা প্রদান করে।
কিন্তু বিজিএমইএ এই প্রস্তাবে রাজী না হওয়ায় শেষ পর্যন্ত বৈঠকটি ভেঙে যায়।
পরে শ্রমিক জোট এক সংবাদ সম্মেলনে জানায়, তাদের পূর্ব ঘোষিত সোমবারের ধর্মঘট বহাল থাকছে।
এদিকে বিডিনিউজ’র সাভার প্রতিনিধি জানান, সাভারে আবারো গার্মেন্টস শ্রমিক অসন্তোষের ঘটনায় শনিবার পুলিশ ও র্যাবের হামলায় অন্তত ২০ জন আহত হয়। পুলিশ আটক করেছে আট জনকে। ন্যায্য মজুরীর দাবি -- দাওয়া নিয়ে এ শ্রমিক অসন্তোষের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জিরানী এলাকার মান্নান কলেজ রোডের লিবার্টি ফ্যাশনের শ্রমিকদের সঙ্গে দ্বিতীয় বারের মতো পুলিশ ও র্যাবের লাঠিচার্জে ওই ২০ জন শ্রমিক আহত হয়।
জানা যায়, কারখানাটির শ্রমিক নেতারা শনিবার সকাল ১০ টার দিকে বেতন -- ভাতা বাড়ানো, ওভারটাইমের বকেয়া পরিশোধ, প্রতিমাসের ২ তারিখের মধ্যে বেতন পরিশোধসহ ১২ দফা দাবি -- দাওয়ার স্মারকলিপি মালিকপক্ষের কাছে পেশ করার চেষ্টা করেন। কিন্তু শ্রমিক প্রতিনিধি আজমুল ও নার্গিসের স্মারকলিপিটি লিবার্টি ফ্যাশনের প্রোডাক্টশন ম্যানেজার সেলিনা বেগম গ্রহণ না করে ছিঁড়ে ফেলে দেন ও তাদের বকাঝকা করেন।
এ ঘটনায় ক্ষিপ্ত শ্রমিকরা জড়ো হয়ে গার্মেন্টসটিতে ভাঙচুর করে। পরে তারা রাস্তায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও র্যাব লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে মহিলা শ্রমিকসহ ২০ জন আহত হয়। আহতদের মধ্যে সাতজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারখানাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার রাতেও কারখানাটিতে এক দফা শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
বিডিনিউজ’র গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকার কোরীয় মালিকানাধীন ‘দাইয়ূ বাংলাদেশ’ গার্মেন্টস কারখানায় শনিবার দুদল শ্রমিকের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ঘটনার পর কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়।
অন্যদিকে গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে গাজীপুর সদরের জিরানীবাজার গোয়াবাড়ি এলাকার লিবার্টি গার্মেন্টসের কয়েকশ’ শ্রমিক শনিবার নবীনগর -- কালিয়াকৈর মহাসড়ক অবরোধ করে। এছাড়া কাশিমপুর ইউনিয়নের সারদাগঞ্জের ডানা গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষের কারণে কারখানা বন্ধ করে দেয়।
সূত্র জানায়, মৌচাকের ভান্নারা এলাকায় কোরীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দাইয়ূ বাংলাদেশে শনিবার সকালে কারখানার উৎপাদক ব্যাবস্থাপক (পিএম) এবং সহকারি উৎপাদক ব্যাবস্থাপক (এপিএম)’র মধ্যে দ্বন্দ্বের জের ধরে দুদল শ্রমিকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাককালে শ্রমিকরা কারখানার দরজা জানালার কাঁচ ভাংচুর করে। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে ২০ জন শ্রমিক আহত হয় পুলিশ জানায়।
ঘটনার পর দুপুরে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়।
অন্যদিকে গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে জিরানীবাজার গোয়াবাড়ি এলাকার লিবার্টি গার্মেন্টসের কয়েকশ’ শ্রমিক সকাল ১০ টার দিকে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা মিছিল করে নবীনগর -- কালিয়াকৈর মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে জয়দেবপুর, আশুলিয়া ও সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে বিক্ষোভরত শ্রমিকদের কারখানায় ফেরত পাঠায়। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ফিরে গেলেও পরে তারা আর কাজে যোগ দেয়নি।
অন্যদিকে শ্রমিক অসন্তোষের কারণে কাশিমপুরের সারদাগঞ্জের ডানা গার্মেন্টস কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করে। শ্রমিকরা শনিবার সকালে কাজে যোগ দিতে এসে এই ছুটির নোটিশ পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে। তারা সকাল ৯ টার দিকে কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শণ করে।
বিডিনিউজ’র টঙ্গী প্রতিনিধি জানান, টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ন্যাশনাল ফ্যান কারখানার কর্মচারীরা শনিবার চাকরি স্থায়ীকরণের দাবিতে এবং নিউ মুন্নু ফাইন কটন কারখানার শ্রমিকরা পরিচালকের দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করে।
এছাড়া মুন্নু ফাইন কটন মিলের শ্রমিকরা পরিচালকদের দুর্নীতির প্রতিবাদে বিকাল ৪ টার দিকে কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও সমাবেশ করে।
