সাভারে আবারো গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, পুলিশের হামলায় আহত ২০ জন, আটক ৮
সাভারে আবারো গার্মেন্টস শ্রমিক অসন্তোষের ঘটনায় শনিবার পুলিশ ও র্যাবের হামলায় অন্তত ২০ জন আহত হয়। পুলিশ আটক করেছে আট জনকে। ন্যায্য মজুরীর দাবি -- দাওয়া নিয়ে এ শ্রমিক অসন্তোষের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জিরানী এলাকার মান্নান কলেজ রোডের লিবার্টি ফ্যাশনের শ্রমিকদের সঙ্গে দ্বিতীয় বারের মতো পুলিশ ও র্যাবের লাঠিচার্জে ওই ২০ জন শ্রমিক আহত হয়।
জানা যায়, কারখানাটির শ্রমিক নেতারা শনিবার সকাল ১০ টার দিকে বেতন -- ভাতা বাড়ানো, ওভারটাইমের বকেয়া পরিশোধ, প্রতিমাসের ২ তারিখের মধ্যে বেতন পরিশোধসহ ১২ দফা দাবি -- দাওয়ার স্মারকলিপি মালিকপক্ষের কাছে পেশ করার চেষ্টা করেন। কিন্তু শ্রমিক প্রতিনিধি আজমুল ও নার্গিসের স্মারকলিপিটি লিবার্টি ফ্যাশনের প্রোডাক্টশন ম্যানেজার সেলিনা বেগম গ্রহণ না করে ছিঁড়ে ফেলে দেন ও তাদের বকাঝকা করেন।
এ ঘটনায় ক্ষিপ্ত শ্রমিকরা জড়ো হয়ে গার্মেন্টসটিতে ভাঙচুর করে। পরে তারা রাস্তায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও র্যাব লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে মহিলা শ্রমিকসহ ২০ জন আহত হয়। আহতদের মধ্যে সাতজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারখানাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার রাতেও কারখানাটিতে এক দফা শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
