২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ফের শ্রমিক অসন্তোষ, সংঘর্ষে আহত ১০

সাভারে ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জিরানী এলাকার মান্নান কলেজ রোডে অবস্থিত লিবার্টি ফ্যাশনে শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ শুক্রবার একথা জানায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 01:22 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেতন - ভাতা বৃদ্ধি, ওভারটাইমের বিল পরিশোধ ও প্রতি মাসের ২ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবিতে বৃহস্পতিবার রাতে শ্রমিকরা ফ্যাক্টরির কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

এক পর্যায়ে মালিক পক্ষ শ্রমিকদের উপর হামলা চালায়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে লিবার্টি ফ্যাশনের জানালার কাঁচ, কম্পিউটার এবং আসবাবপত্রসহ মেশিনপত্র ভাংচুর করে।

এসময় ফ্যাক্টরির নিরাপত্তা কর্মীদের লাঠির আঘাতে ১০ জন শ্রমিক আহত হয়। তাদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানা পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে লিবার্টি ফ্যাশনের মালিক মোজাম্মেল হক আশুলিয়া থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জন শ্রমিককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ পাঁচজন শ্রমিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে -- জহিরুল ইসলাম, সানোয়ার হোসেন, আজাহার আলী, সোহেল ও আবুল কালাম আজাদ।