২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়লো, ১ম লিড

অর্থমন্ত্রী ২০০৬--০৭ অর্থবছরের বাজেট পেশ করার পরপরই জ্বালানি তেলের মূল্য বর্তমান জোট সরকারের আমলে নবম বারের মতো বাড়লো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

অ্যাডভাইজরি: বিস্তারিত; ১৯৭২ সাল থেকে তেলের দামের গ্রাফসহ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার বিকেলে বাজেট পেশকালে এ মূল্য বৃদ্ধির পক্ষে জোরালো বক্তব্যে উল্লেখ করেন, জ্বালানির অভ্যন্তরীণ মূল্য বৃদ্ধির কোনও বিকল্প নেই।

এ অনুযায়ী অকটেনের দাম প্রতি লিটার ৪৫ টাকা থেকে বেড়ে ৫৮ টাকা হয়েছে, পেট্রোল ৪২ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ৩০ টাকা থেকে বেড়ে ৩৩ টাকা হয়েছে।

অর্থাৎ প্রতি লিটার অকটেনের দাম ১৩ টাকা, পেট্রোলের দাম ১৪ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম তিন টাকা করে বাড়ানো হলো।

গত বছরের ৪ সেপ্টেম্বর সর্বশেষ জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে প্রতি লিটার অকটেন ৪৫ টাকা, পেট্রোল ৪২ টাকা এবং ডিজেল ও কেরোসিন ৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, দেশের অর্থনীতিবিদরা অকটেন এবং পেট্রোলের দাম বেশি এবং ডিজেল ও কেরোসিনের দাম কম বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রীকে যে পরামর্শ দিয়েছিলেন, তা অনুসরণ করেই তেলের দাম বাড়ানো হলো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে বিপিসি‘র মাসিক লোকসানের পরিমাণ ছিল ৩০০ কোটি টাকা। এই দাম বাড়ানোর কারণে এই লোকসান ১০০ কোটি টাকা কমে আসবে। তার মধ্যে পেট্রোল এবং অকটেন থেকে আসবে ৩৫ কোটি এবং ডিজেল ও কেরোসিন থেকে আসবে ৬৫ কোটি টাকা।

জ্বালানি মন্ত্রণালয়ে সূত্রে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের অব্যাহত মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অব্যাহত লোকসান সামাল দিতে আজ থেকে তেলের দাম পুনরায় বৃদ্ধি করা হয়েছে।

অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, আমদানি খরচের বিবেচনায় বর্তমানে বিপিসি প্রতি লিটার কোরোসিন এবং ডিজেলে খরচের চেয়ে ১২ থেকে ১৪ টাকা কম দামে বিক্রি করা হচ্ছিল। কিন্তু অটকেন এবং পেট্রোল বিক্রি হচ্ছিল লাভসহ। এ অবস্থায় স্বল্প পরিমাণ ব্যবহৃত অকটেন এবং পেট্রোলের দাম বেশি বাড়িয়ে এবং ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার মাত্র তিন টাকা বাড়িয়ে কী সুফল আসবে, তা নিশ্চিত নয়।

অবশ্য গত মে মাসে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছিলেন, কেবল অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধি করে কোনো লাভ হবে না। তেল আমদানির জন্যে সৃষ্ট আর্থিক সংকট মোকাবেলা করতে হলে ডিজেল ও কেরোসিনের ভর্তুকি পুরোটা তুলে নিতে হবে।

বর্তমান সরকার ২০০১ সালে অক্টোবর মাসে ক্ষমতা নেয়ার পর ওই বছরের ২৭ ডিসেম্বর প্রথম তেলের দাম বৃদ্ধি করে। এ সময় অকটেন ও পেট্রোলের দাম ২৪ টাকা থেকে বাড়িয়ে যথাক্রমে ৩০ এবং ২৮ টাকা নির্ধারণ করা হয়। একই সময় ডিজেল এবং ১২ দশমিক ৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৫ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়।

গত বছরের সেপ্টেম্বর মাসে তেলের দাম বাড়ানোর আগে বলা হয়েছিল, ভর্তুকি দিতে গিয়ে বিপিসি বছরে ৩৬০০ কোটি টাকা লোকসান দিচ্ছে। কিন্তু পরে পরিস্থিাতির আরো অবনতি ঘটে। বিপিসি সোনালী ব্যাংকের পাওনা সাড়ে পাঁচ হাজার কোটি টাকা দিতে ব্যর্থ হওয়ায় তারা তেল আমদানির এলসি খোলা বন্ধ করে দেয়। এরপর বিপিসি পরিস্থিতি সামাল দিতে জনতা ব্যাংকে নগদ টাকায় এলসি খোলা শুরু করে।

তেল আমদানির ব্যয় মেটাতে সরকার অবশেষে ইসলামী উন্নয়ন ব্যাংক থেকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে আরো ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছে। কুয়েত থেকে ডেফার্ড পেমেন্টে তেল কেনার জন্যে সরকার ইতোমধ্যে সে দেশের সাথে সমঝোতায় পৌছেছে।

এদিকে তেলের দাম বৃদ্ধি করার প্রশ্নে জ্বালানি মন্ত্রণালয়ে গত জানুয়ারি মাস থেকে তাগাদা দিয়ে আসলেও নির্বাচনের বছর বলে সরকার এ বিষয়ে সিদ্ধান্তহীন ছিল। কিন্তু তেলের দাম বাড়াতে আইএমএফ, বিশ্বব্যাংক এবং এডিবি সরকারকে অব্যাহতভাবে চাপ দিয়ে আসছিল। গত মাসের মধ্যভাগ থেকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানও অর্থনীতির স্বার্থে তেলের দাম বাড়ানোর পক্ষে মত দিয়ে আসছিলেন।

অবশেষ আজকের বাজেট উপস্থাপনের পর সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।