২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ৬৯,৭৪০ কোটি টাকার নির্বাচনী বাজেট প্রস্তাব পেশ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদে বড় আকারের ৬৯ হাজার ৭ শ’ ৪০ কোটি টাকার ২০০৬--০৭ অর্থ বছরের জাতীয় বাজেট প্রস্তাব পেশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

অর্থমন্ত্রী তার বাজেট পরিকল্পনায় ১৭  শতাংশ আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন। যদিও সদ্য সমাপ্ত অর্থবছরের সরকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।

কর প্রশাসন সংস্কার, কর ফাঁকি রোধ এবং সরাসরি করের আওতা বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ বাড়ানো প্রচেষ্টার কথা বলে সাধারণ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা নিয়েছেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব বাজেট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪২ হাজার ২শ’ ৮৬ কোটি টাকা, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের ১৪ শতাংশ বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৬ হাজার কোটি টাকা যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের ২১ শতাংশ বেশি। এর মধ্যে অউন্নয়ন মূলধন ব্যয়ের পরিমান ২ হাজার ৯শ’ কোটি টাকা।

প্রস্তাবিত ২০০৬-০৭ অর্থবছরের মোট উন্নয়ন ব্যয় পরিমান দাঁড়িয়েছে ২৮ হাজার ৪ শ’ ৬৩ কোটি টাকা। এর মধ্যে কাজের বিনিময় খাদ্য কর্মসূচি এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যয় অর্ন্তভুক্ত।

বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫২ হাজার ৫ শ’৪১ কোটি টাকা, এর মধ্যে করের মাধ্যমে আদায় হবে ৪২ হাজার কোটি টাকা এবং কর বহির্ভূত আয়ের পরিমান ৯ হাজার ৬শ’২৬ কোটি টাকা। ফলে এবারের বাজেটে বৈদেশিক অনুদান ও ঋণ এবং আভ্যন্তরীণ ঘাটতির পরিমান থাকছে ১৭ হাজার ১শ’ ৯৯ কোটি টাকা।

“অভ্যন্তরীন খাত থেকে আয় বৃদ্ধির জন্য আমি কখনও জনগণের ওপর উচ্চহারে কর আরোপ পক্ষপাতি নই”, সাইফুর বাজেট বক্তব্যে এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “আমি আশা এবং বিশ্বাস করি যদি আমরা সঠিকভাবে প্রস্তাবিত বাজেট অনুযায়ী কার্যক্রম গ্রহণ করি, তবে এ বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন করা অসম্ভব হবে না”      

সংসদের প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বাজেট অধিবেশনে বৃহস্পতিবার উপস্থিত থেকে এ বাজেট প্রত্যাখান করে বলে এ বাজেট জনগণ বিরোধী। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য শেষে আওয়ামী লীগ সংসদে এক সংবাদ সম্মেলনে দাবি করে যে, সরকার আগামী নির্বাচনে জনগণের ভোট ক্রয়ের জন্য এভাবে বাজেট তৈরি করেছে।

সাইফুর রহমান অর্থমন্ত্রী হিসেবে সংসদে গতকাল ১২তম বাজেট উত্থাপনের সময়ে বিভিন্ন কর ও শুল্ক হার হ্রাস করার পর কিভাবে ১৭ শতাংশ অতিরিক্ত রাজস্ব আদায় করবেন তা উল্লেখ করা থেকে বিরত থাকেন।

যদিও তিনি সরাসরি কর বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ নিয়েছেন যার মাধ্যমে করের ভিত্তি সম্প্রসারিত হবে এবং রাজস্ব আদায় এবং সংগ্রহ পদ্ধতি সহজ হবে।

বাজেটের কর প্রস্তাবনায় বলা হয়, যে সকল কর দাতা সবোর্চ্চ ২৫ শতাংশ হারে কর প্রদান করেন তাদেরকে ২০০৭--০৮ কর বছরে ১০ শতাংশের অধিক আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ হারে কর রেয়াত দেয়া হবে।

কৃষি প্রক্রিয়াজাতকরণ, পাট এবং টেক্সটাইল শিল্প ক্ষেত্রে ২০০৮ সালের ৩০ জুন পর্যন্ত করের অব্যাহতি ও কর রেয়াতের সুবিধা বাড়ানো হয়েছে।

আয়কর আইনের প্রয়োগ সহজ ও সময়োপযোগী করার জন্য আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর কতিপয় ধারা সংযোজন ও সংশোধনীর প্রস্তাব করে সাইফুর কোম্পানির জন্য নূন্যতম অনুমোদনযোগ্য খরচ ১ লাখ ৯২ হাজার টাকা থেকে ২ লাখ টাকায় বৃদ্ধির প্রস্তাব দেন।               

অ্যাপার্টমেন্ট বিক্রয়ের ক্ষেত্রে কর হার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

তেলের দাম, দারিদ্র বিমোচন, আভ্যন্তরীণ সম্পদ গতিশীল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিসহ বেশকিছু বড় ধরনের চ্যালেঞ্জ, যা মোকাবেলা ছাড়া সামগ্রিকভাবে অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়।

প্রস্তাবিত বাজেটে স্থানীয় শিল্প সহাতায় জন্য আমদানি শুল্ক এক শতাংশ কমিয়ে প্রাথমিক পণ্যের জন্য ৫ শতাংশ এবং মাধ্যমিক পণ্যের ক্ষেত্রে ১২ শতাংশ শুল্ক নতুনভাবে নিধারণ করা হয়েছে।

অর্থমন্ত্রী মূল্য সংযোজনের কর আইন সংশোধনের প্রস্তাবের পাশাপাশি কৃষি ও স্থানীয় শিল্প সহাতায় জন্য বেশ কিছু পণ্যের মূল্য সংযোজনের কর হ্রাসের প্রস্তাব করেন।

রাজস্ব বাজেটে ৫ হাজার ৭১৪ কোটি টাকা প্রতিরক্ষা খাতে, শিক্ষা খাতে ৪ হাজার ৬৫৮ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ২ হাজার ৪২১ কোটি টাকা, খাদ্য ও দুযোগ্য ব্যবস্থাপনায় ৪ হাজার ৫ কোটি টাকা, যোগাযোগ ও পরিবহন খাতে ২ হাজার ১৪৪ কোটি টাকা এবং কৃষি খাতে ১ হাজার ৯৩৪ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।

অন্যদিকে উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্ধ স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন খাতে ৫ হাজার ৭১৪ কোটি টাকা, বিদ্যুৎ খাতে ৩ হাজার ৫৮৫ কোটি টাকা, যোগাযোগ ও পরিবহন খাতে ৩ হাজার ২৯৬ কোটি টাকা, শিক্ষা খাতে ১ হাজার ৫৪২ কোটি টাকা কৃষি খাতে ১ হাজার ২২১ কোটি এবং স্বাস্থ্য খাতে ২ হাজার ৩৭৫ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।

সামাজিক খাতের বিভিন্ন উপখাতে বিশেষত কর্মসংস্থান , দারিদ্র বিমোচন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ক্ষেত্রে বরাদ্ধ বাড়ানো হয়েছে।

অর্থমন্ত্রী বয়স্ক ভাতা এবং বিধবা মহিলাদের জন্য ভাতা বাড়ানোর পাশাপাশি এদের সহায়তার সংখ্যা বৃদ্ধির প্রস্তাব করেছেন।

তিনি দুর্ভিঙ্গ-মঙ্গা পীড়িত এলাকার প্রান্তিক জনগোষ্টীর জন্য বিশেষ সুযোগের জন্য অর্থ বরাদ্ধ বাড়িয়েছেন।