কৃষি মন্ত্রণালয়ের জন্য ৪২ ভাগ বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার তার বাজেট বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের জন্য সমন্বিত বরাদ্দের পরিমাণ ৪২ ভাগ বৃদ্ধির প্রস্তাব করেছেন।
২০০৫--০৬ অর্থ বছরে অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে কৃষি মন্ত্রণালয়ের অনুকূলে ২ হাজার ২’শ ১৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। আগামী ২০০৬-০৭ অর্থ বছরে কৃষি মন্ত্রণালয়ের অনুকূলে অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে ৩ হাজার ১’শ ৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। যা ২০০৫-০৬ অর্থ বছরের বাজেট থেকে ৪২ শতাংশ বেশি।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকার কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য বাজেট বরাদ্দের পাশাপাশি কৃষিঋণ বিতরণ ও ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করেছে। বাড়িয়েছে কৃষি-গবেষণা খাতে বরাদ্দ। দিয়েছে বিভিন্ন প্রণোদনা।
২০০৫-০৬ অর্থ বছরের বাজেটে কৃষি ভর্তুকি ও কৃষি পুনর্বাসন খাতে বরাদ্দের পরিমাণ ছিলো ১,১০০ কোটি টাকা। মন্ত্রী ২০০৬-০৭ অর্থ বছরে এ খাতে ১,২০০ কোটি টাকা এবং কৃষি-গবেষণা খাতে ২৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
২০০৬-০৭ অর্থ বছরে কৃষি ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার কোটি টাকা।
বিগত সরকারের সর্বশেষ বাজেটে কৃষি ভর্তুকির পরিমাণ মাত্র ১০০ কোটি টাকা ছিলো বলেও সাইফুর রহমান উল্লেখ করেন।
