২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় হেচং কর্পোরেশন গার্মেন্টসে পুনরায় কাজ শুরু, ৬ জন কর্মকর্তা চাকুরিচ্যুত

নগরীর উত্তরায় কোরীয় মালিকানাধীন গার্মেন্ট কারখানা হেচং কর্পোরেশনে শ্রমিক আন্দোলনের মুখে কর্তৃপক্ষ এর শীর্ষ ছয় কর্মকর্তাকে চাকুরীচ্যুত করার পর বৃহস্পতিবার থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 04:22 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

শ্রমিক নেতৃবৃন্দের সাথে দুই ঘন্টাব্যাপী বৈঠকের পর মালিকপক্ষ জেনারেল ম্যানেজার (জিএম) কামরুজ্জামান, প্রডাকশন ম্যানেজার (পিএম) আব্দুল খালেক এবং চার সুপারভাইজার আসাদ, মনোয়ার, রফিক ও আনোয়ারকে চাকুরীচ্যুতসহ শ্রমিকদের ২২ দফা দাবি মেনে নিতে সম্মত হয়।

প্রতিষ্ঠানটির একজন শ্রমিক নেতা রেজাউল বিডিনিউজকে বলেন, ওই ছয় কর্মকর্তা আমাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চালাতো।

এরআগে বুধবার নগরীর উত্তরার দক্ষিন খান এলাকার শাহ কবীর মাজার রোডের হেচং কর্পোরেশনের শ্রমিকরা তাদের ২২ দফা দাবি আদায়ে আন্দোলনকালে কারখানার ব্যাবস্থাপনা পক্ষের স্বশস্ত্র সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালালে ২০ জন শ্রমিক আহত হয়। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে শ্রমিকরা জানায়। 

কারখানার নিটিং অপারেটর এবং আন্দোলনে নেতৃত্বদানকারী জসিম ও রেজাউল বলেন, বৈঠকে মালিকপক্ষ তাদের সকল দাবি মেনে নেওয়ার নিশ্চয়তা দেওয়ায় কারখানার উৎপাদন পুনরায় শুরু হয়েছে।

শ্রমিকরা বর্তমানে সন্তুষ্ট বলেও রেজাউল উল্লেখ করেন।

উত্তরায় হেচং কর্পোরেশনের ১ নং ইউনিটে ২২’শ শ্রমিক রয়েছে।

নতুন করে সহিংসতা এড়াতে কারখানার ভেতরে ও বাইরে র‌্যাবসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

যোগাযোগের চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি।